ICC WTC Final : শুরুটা ভাল করেও দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত
ICC WTC Final : শুরুটা ভাল করেও দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে গেলেও দ্বিতীয় দিনে খেলা চলছে জোরকদমে। ম্যাচের প্রথম সেশনে ভারতের শুরুটা ভাল হলেও মধ্যাহ্নভোজের বিরতির আগে ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে হারিয়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিয়েছে টিম ইন্ডিয়া। আপতত চেতেশ্বর পূজারার সঙ্গে পিচ আঁকড়ে পড়ে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

সাউদাম্পটনের এজিয়াস বোলের স্যাঁতস্যাঁতে এবং মেঘলা পরিবেশে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের বিরুদ্ধে টস হেরে যান বিরাট কোহলি। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি কিউয়ি শিবিরের নেতা। সেই সিদ্ধান্তকে যোগ্য সম্মান জানিয়ে ইনিংসের শুরুটা ততটাও বিধ্বংসী মেজাজে করতে পারেনি টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, কলিন দে গ্র্যান্ডহোম ও নেইল ওয়েগনার সম্বৃদ্ধ নিউজিল্যান্ডের বিশ্বমানের বোলিং বিভাগ। অভিজ্ঞ রোহিত শর্মা তো বটেই, অনভিজ্ঞ শুভমান গিলও শুরু থেকে সাবলীল ছন্দে ব্যাটিং করতে শুরু করেন।
Final. 20.1: WICKET! R Sharma (34) is out, c Tim Southee b Kyle Jamieson, 62/1 https://t.co/CmrtWsugSK #INDvNZ #WTC21
— BCCI (@BCCI) June 19, 2021
দুই ভারতীয় ওপেনারের মধ্যে অর্ধশতরান পার্টনারশিপ হয়। উইকেটের খোঁজে হন্যে হয়ে ওঠা নিউজিল্যান্ড দিনের ২১তম ওভারে প্রথম সফলতা পেয়েই যায়। বাইরের দিকে কেটে বেরোনো কাইল জেমিসনের বল রোহিত শর্মার ব্যাটের কানায় লেগে স্লিপ কর্ডনে দাঁড়িয়ে থাকা টিম সাউদির হাতে জমা পড়ে। ৬৮ বলে ৩৪ রান করে আউট হন হিটম্যান। ৬টি বাউন্ডারি আসে তাঁর ব্যাট থেকে। ৬২ রানে প্রথম উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় উইকেট পতন ঘটে ১ রানের ব্যবধানে। বাঁ-হাতি নেইল ওয়েগনারের কেটে ঢোকা বল শুভমান গিলের ব্যাটের ধার স্পর্শ করে কিউয়ি উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের দস্তানায় জমা পড়ে। ৬৪ বলে ২৮ রান করেন তরুণ ব্যাটসম্যান। তিনটি দৃষ্টিনন্দন চার আসে তাঁর ব্যাট থেকে।
Final. 26.1: N Wagner to V Kohli (4), 4 runs, 67/2 https://t.co/CmrtWsugSK #INDvNZ #WTC21
— BCCI (@BCCI) June 19, 2021
দুই উইকেট হারানো ভারতীয় ক্রিকেট দলের ইনিংসকে সামলাতে ক্রিজে নেমেছেন বিরাট কোহলি। যাঁকে নেইল ওয়েগনারের বলে দুর্দান্ত কভার ড্রাইভের মাধ্যমে রানের খাতা খুলতে দেখা গিয়েছে। ১২ বল খেলে ৬ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। ইনিংসে ২৪ বল খেলে ফেলা চেতেশ্বর পূজারা এখনও কোনও রান করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ৭ ওভার বল করে ১০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। ২ ওভার বল করে ৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নেইল ওয়েগনার।












Click it and Unblock the Notifications