কেন-ফিঞ্চ-রাহুলকে টপকে অপ্রতিরোধ্য বিরাটের তিন নজির, কী বলছে আন্তর্জাতিক টি২০ পরিসংখ্যান
কেন-ফিঞ্চ-রাহুলকে টপকে অপ্রতিরোধ্য বিরাটের তিন নজির, কী বলছে আন্তর্জাতিক টি২০ পরিসংখ্যান
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি২০ ম্যাচ জিতে সিরিজে কব্জা করেছে ভারত। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে এক অনবদ্য রেকর্ডের মালিক হয়েছে টিম ইন্ডিয়া। টি২০তে ব্রিটিশদের বিরুদ্ধে এত রান এর আগে কখনও করতে পারেনি মেন ইন ব্লু। একই ম্যাচে দুই অনবদ্য আন্তর্জাতিক টি২০ রেকর্ডের মালিক হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টপকে গিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

বিরাটের পারফরম্যান্স
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা অন্তিম টি২০ ম্যাচেও জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট। ৫২ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারত অধিনায়ক। সাতটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি২০-তে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন বিরাট কোহলি। এই ফর্ম্যাটে ভারতকে নেতৃত্ব দেওয়াকালীন এখনও পর্যন্ত ১৪৬৪ রান করেছেন ভিকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি২০-তে ১৪৬২ রান করেছেন।

অধিনায়ক হিসেবে টি২০-তে অর্ধশতরান
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি২০-তে মোট ১২ বার ৫০ ও তার বেশি রান করেছেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি২০-তে ১১ বার ৫০ ও তার বেশি রান করেছেন।

রাহুলকে টপকে গিয়েছেন বিরাট
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে পাঁচ ম্যাচ খেলে ২৩১ রান করেছেন বিরাট কোহলি। দ্বিপাক্ষিক টি২০ সিরিজে এর আগে এত রান কোনও ব্যাটসম্যান করতে পারেননি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কেএল রাহুল ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচটি টি২০ ম্যাচ খেলে ২২৪ রান করেছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট।












Click it and Unblock the Notifications