ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে ভারত অধিনায়কের ঘোষণা, তিনি 'ভেগান' নন
ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে ভারত অধিনায়কের ঘোষণা, তিনি 'ভেগান' নন
রাত পোহালেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে সোশ্যাল মিডিয়ায় আরও একবার সক্রিয় হলেন বিরাট কোহলি। কিছু জানাতে কিংবা বোঝাতে, বরং তাঁর সম্পর্কে মানুষের মনে তৈরি হওয়া ভুল ধারণা ঘোঁচাতে এবার উদ্যোগী হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ঠিক কী লিখেছেন ভারতের ক্রিকেট আইকন, তা এক নজরে দেখে নিন।
|
বিরাট কোহলির টুইট
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির পোস্টকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যেখানে টিম ইন্ডিয়ার অধিনায়ক লিখেছেন যে তিনি ভেগান বলে কখনওই নিজেকে দাবি করেননি। বরং তিনি বরাবরই নিজেকে নিরামিষাশী বলে পরিচয় দিয়ে এসেছেন বলে দাবি বিরাটের। দেশের মানুষকে লম্বা নিঃশ্বাস নিয়ে সব্জি খাওয়া শুরু করার পরামর্শও দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কেন এমন টুইট
ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিরাট কোহলি। সেখানেই এক ক্রিকেট প্রেমী ভারত অধিনায়কের ডায়েট সম্পর্কে জানতে চান। তাতে ডিমের উল্লেখ করেন বিরাট। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। কারণ ২০১৮ সাল থেকে নিজেকে নিরামিষাশী বলে দাবি করে এসেছেন ভারত অধিনায়ক। সেই বছর দক্ষিণ আফ্রিকা সফর চলার সময় সার্ভিকাল স্পাইনে সমস্যা তৈরি হলে তিনি মাছ-মাংস খাওয়া ছেড়ে দেন বলে জানিয়েছিলেন বিরাট। এরপর থেকেই একটা ধারণা তৈরি হয়েছিল যে পুরোপুরি ভেগান হয়ে গিয়েছেন কোহলি। সেই ভাবনা থেকেই ভারতীয় আইকনের খাদ্য তালিকায় ডিম দেখে অবাক হয়েছিলেন অনেকে। তাঁদের ভুল ধরিয়ে দিয়েছেন বিরাট নিজে।

কোয়ারেন্টাইনে চলছে শরীরচর্চা
আর কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দলের বাকি সতীর্থদের মতো কোয়ারেন্টাইনে সময় কাটছে বিরাট কোহলির। সপরিবারে ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে তিনি হোটেলেই শরীর চর্চা সেরে নিচ্ছেন।

ভারতের ইংল্যান্ড সফর
আগামী ১৮ জুন সাউদাম্পটনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা।












Click it and Unblock the Notifications