শতরান থেকে ট্রফি জয়, আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর পূর্তিতে বিরাটের থেকে বিশ্বের পাওনা কী
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর পূর্তিতে বিরাট কোহলির সামনে কোন কোন সাফল্যের হাতছানি।
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস টেস্ট জয়ের আবহেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৩ বছর পূর্ণ করলেন বিরাট কোহলি। শুভেচ্ছায় ভরেছে টিম ইন্ডিয়ার অধিনায়কের সোশ্যাল মিডিয়ার ইনবক্স। আপাতত ইংল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানোই বিরাটের ভারতের লক্ষ্য। আর কোন কোন বড় সফলতা অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার অধিনায়কের জন্য, তা দেখে নেওয়া যাক। বিরাটের থেকে কী চায় ক্রিকেট বিশ্ব, তাও দেখে নেওয়া যাক।
|
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর
২০০৮ সালে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা নেতা বিরাট কোহলি ওই বছরই টিম ইন্ডিয়ার সিনিয়র দলে ডাক পেয়েছিলেন। ১৩ বছর আগের ১৮ অগাস্ট তিনি ভারতীয় দলের জার্সি গায়ে প্রথম মাঠে নেমেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে দেশের হয়ে ওয়ান ডে ম্যাচ খেলেতে নেমেছিলেন বিরাট। ওই ম্যাচে ১২ রান করে তিনি আউট হয়েছিলেন। শেষ ১৩ বছরে টিম ইন্ডিয়ার হয়ে ৯৪টি টেস্ট, ২৫৪টি ওয়ান ডে এবং ৯০টি টি২০ ম্যাচ খেলেছেন ভিকে। তিন ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ৭৬০৯, ১২১৬৯ ও ৩১৫৯ রান এসেছে। তিন ফর্ম্যাট মিলিয়ে বিরাটের শতরান সংখ্যা ৭০। আইপিএলে ১৯৯টি ম্যাচ খেলা বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ৬০৭৬ রান। যা এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বাধিক। এহেন ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে কোনও কার্পণ্য করেনি বিসিসিআই সহ অন্যান্য ক্রিকেট প্রেমীরা।

বিরাটের হাতে খেতাব দেখতে চায় দেশ
২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর থেকে শেষ আট বছর আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। বিশেষ করে বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে একের পর এক আইসিসি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাটের ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের শেষ চারের লড়াই থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাট কোহলিদের। চলতি বছর অনুষ্ঠিত হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। এই অবস্থায় এবারের টি২০ বিশ্বকাপ বিরাট কোহলির কাছে বড় সুযোগ, তা মেনে নিচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইয়ে মোকাবিলায় নামবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ভারতের সঙ্গে একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মতো দলগুলি।

বিরাট কোহলির থেকে রান চান ফ্যানরা
২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া দিন রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। সম্প্রতি তাতে দোসর হয়েছে ব্যাডপ্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে শুরু রানের ক্ষরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টেও অব্যাহত রয়েছে বিরাট কোহলির ব্যাটে। লর্ডস টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৪২ ও ২০ রান করে আউট হয়েছেন বিরাট। নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে কোনও রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল ভারত অধিনায়ককে। তারল আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে ৪৪ রান করা বিরাট দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ করে আউট হয়েছিলেন। এই পরিস্থিতি দ্রুত কেটে যাক এবং টি২০ বিশ্বকাপের আগে কোহলির ব্যাট থেকে ফের রানের ঝড় বইতে থাকুক, সেই আশাই করছেন দেশের ক্রিকেট প্রেমীরা। সেই সঙ্গে প্রায় ২১ মাসের ব্যবধানে ভারত অধিনায়কের ব্যাট থেকে ফের শতরানও দেখতে চাইছেন ফ্যানরা।

ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে রয়েছে ভারত। দুই দলের মধ্যে আরও তিনটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আর দুটি ম্যাচ জিতলে সিরিজ দখল করবে বিরাট কোহলির দল। ২০০৭ সালে রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। সিরিজের ফলাফল হয়েছিল ১-০। ১৪ বছর পর আবারও ইংল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানোর সুযোগ পাচ্ছে বিরাট কোহলির ভারত।












Click it and Unblock the Notifications