Tanveer Sangha: বাবা ট্যাক্সি চালক, ‘ভারতীয় স্পিনার’ নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসছে অস্ট্রেলিয়া
ভারতীয় ক্রিকেটারকেই নিয়ে ভারতেই বিশ্বকাপ খেলতে আসছে অস্ট্রেলিয়া। অবাক করা ঘটনা হলেও এমনটাই ঘটতে চলেছে। এরআগে ভারত সফরে অজিদের স্কোয়াডে ইন্ডিয়ান সাপোর্ট স্টাফ দেখা গিয়েছিল, এবার টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ঘায়েল করতে ভারতীয় বংশোদ্ভূত স্পিনার দলে আনছে অস্ট্রেলিয়া।
সোমবার ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৮ জনের দলে সুযোগ পেয়েছেন লেগ-স্পিনার তনভীর সংঘা। নাম শুনেই বোঝা যাচ্ছে বংশগতভাবে এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার নন। তানভীরের সঙ্গে রয়েছে গভীর ভারত যোগ ।

ভারতীয় বংশোদ্ভূত আনক্যাপড লেগ স্পিনার তনভীর সাংঘা অস্ট্রেলিয়ার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে সাড়া ফেলে দিয়েছেন। ২১ বছরের এই ক্রিকেটারের জন্ম অস্ট্রেলিয়ায় সিডনিতে। তনভীরের বাবা জোগা সাংঘা জলন্ধরের রহিমপুর গ্রামের বাসিন্দা। ১৯৯৭ সালে তিনি পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান। সিডনিতে বসবাস শুরু করেন।
কিন্তু পেশাগত ক্ষেত্রে সাফল্য না পাওয়ায় জোগা সাংঘা সিডনিতে গিয়ে ট্যাক্সি চালাতে শুরু করেন । তাঁর মা সিডনিতেই একটি বেসরকারি অফিসে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন। সেখানেই জন্ম তনভীরের। তনভীর ও তাঁর পরিবারের সঙ্গে ভারতের যোগাযোগ কোনওদিন বিচ্ছিন্ন হয়নি। সাংঘা পরিবার নিয়মিত ভারতে আসেন।
এতো গেল পারিবারিক কাহিনি। এবার আসা যাক তনভীরের ক্রিকেটীয় জীবনের কথায়। এখনও সিনিয়র দলের হয়ে একটিও আন্তর্জার্তিক ম্যাচ না খেলা তনভীরকে বিশ্বকাপের স্কোয়াডে রেখে রীতিমতো চমক দিয়েছেন অস্ট্রেলিয়ান নির্বাচকরা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ছাড়াও ৪টি প্রথম শ্রেণি, ৫টি লিস্ট এ এবং ২৮টি টি ২০ ম্যাচ খেলেছেন তনভীর। টি টোয়েন্টি ম্যাচে ৩৭টি উইকেট রয়েছে, ৭.৪৬ ইকোনমি তাঁর নামের পাশে। ফার্স্ট ক্লাসে ২৪টি এবং লিস্ট এ-তে ৭টি উইকেট নিয়েছেন তনভীর। তরুণ বয়সেই তাঁর স্পিনের জাদু নজর কাড়েন অস্ট্রেলিয়ান নির্বাচকদের।

ভারতের বেশিরভাগ উইকেটই স্পিন সহায়ক হয়, ফলে অতিরিক্ত স্পিনার দলে রাখার সিদ্ধান্ত নেয় অজি টিম ম্যানেজমেন্ট। অ্যাডাম জাম্পার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভারতীয় বংশদ্ভোত তনভীরকে। তরুণ এই স্পিনার কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপে প্যাট কামিন্সের দলে তুরুপের তাস হতেই পারেন।
সুযোগ পেলে তনভীর হবেন অস্ট্রেলিয়ার হয়ে খেলা দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। এর আগে ডানহাতি পেসার গুরিন্দর সিং সান্ধু অস্ট্রেলিয়ার হয়ে দুটি একদিনের ম্যাচ খেলেছেন। উল্লেখযোগ্যভাবে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। দলে সুযোগ দেওয়া হয়েছে অনভিজ্ঞ অল-রাউন্ডার অ্যারন হার্ডিকে।












Click it and Unblock the Notifications