টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল পাকিস্তান, টিকে রইলেন বাবররা
টি ২০ বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টিকে রইল পাকিস্তান। যদিও শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেও সেমিফাইনালে বাবর আজমদের যাওয়া নির্ভর করবে অন্য ম্যাচগুলির ফলাফলের উপর। আজ সিডনিতে বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে পাকিস্তান অবশ্য দাপট সহকারেই জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়াদের বিরুদ্ধে।
ইফতিখার ও শাদাবের অর্ধশতরান
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ৯ উইকেটে ১৮৫ রান। ৬.৩ ওভারে ৪৩ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন প্রথম চার ব্যাটার। মহম্মদ রিজওয়ান ৪ (৪), মহম্মদ হ্যারিস ২৮ (১১), বাবর আজম ৬ (১৫) ও শান মাসুদ ২ (৬) রানে আউট হন। ১৩তম ওভারের শেষ বলে মহম্মদ নওয়াজ ২৮ (২২) রান করে দলগত ৯৫ রানের মাথায় আউট হন। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যান ইফতিখার আহমেদ ও শাদাব খান। ইফতিখার ৩৩ ও শাদাব ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। শাদাব ৩টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২২ বলে ৫২ রান করে আউট হন। ১৯তম ওভারের শেষ দুই বলে শাদাব ও মহম্মদ ওয়াসিমকে আউট করেন আনরিখ নরকিয়া। ২০তম ওভারের প্রথম বলে ইফতিখার (৩৫ বলে ৫১) আউট হন কাগিসো রাবাডার বলে। পরপর তিন বলে তিনটি উইকেট পাকিস্তান হারায় ১৭৭ রানে।
চ্যালেঞ্জিং স্কোর পাকিস্তানের
শাদাবের ইনিংসে রয়েছে তিনটি চার ও চারটি ছয়। ইফতিখার তিনটি তার ও দুটি ছয় হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার আনরিখ নরকিয়া ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। ওয়েন পার্নেল ৪ ওভারে ৩১ রান দিয়ে, লুঙ্গি এনগিডি ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে, তাবরেজ শামসি ৪ ওভারে ৩৬ রান দিয়ে এবং কাগিসো রাবাডা ৪ ওভারে ৪৪ রান খরচ করে একটি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকা পরাস্ত
দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে চোটের কারণে পায়নি ফর্মে থাকা ডেভিড মিলারকে। তাঁর ব্যাক স্প্যাজমের সমস্যা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিশ্রাম দেওয়া হয়। কেশব মহারাজও এদিন দলে ছিলেন না। প্রথম ওভারেই কুইন্টন ডি কককে (৫ বলে ০) ফিরিয়ে ধাক্কা দেন শাহিন শাহ আফ্রিদি। রাইলি রুসো (৬ বলে ৭)-ও আফ্রিদির শিকার। ২.৪ ওভারে ১৬ রানে দুই উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর অষ্টম ওভারের প্রথম বলে তেম্বা বাভুমা (১৯ বলে ৩৬) ও তৃতীয় বলে এইডেন মার্করাম (১৪ বলে ২০)-কে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন শাদাব খান। ৭.১ ওভারে ৬৫ রানে তৃতীয় ও ৭.৩ ওভারে ৬৬ রানে চতুর্থ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে প্রোটিয়াদের স্কোর যখন ৪ উইকেটে ৬৯, তখন বৃষ্টি নামায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। সে সময় ডাকওয়ার্থ-লুইস মেথডে পার স্কোরের চেয়ে ১৫ রান কম ছিল দক্ষিণ আফ্রিকার।
পয়েন্ট তালিকার তিনে পাকিস্তান
এরপর খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকাকে তুলতে হতো ৩০ বলে ৭০ রান। অবশেষে পাকিস্তান ৩৩ রানে জয় ছিনিয়ে নেয়। হেইনরিখ ক্লাসেন ৯ বলে ১৫, ট্রিস্টান স্টাবস ১৮ বলে ১৮ রান করেন। প্রোটিয়ারা শেষের দিকে ৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারায়। শাহিন শাহ আফ্রিদি ৩ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন। শাদাব খান ২ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট দখল করেন। নাসিম শাহ, হ্যারিস রউফ ও মহম্মদ ওয়াসিমের ঝুলিতে একটি করে উইকেট। এই জয়ের সুবাদে পাকিস্তান ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা হয়েছেন শাদাব খান।












Click it and Unblock the Notifications