T20 World Cup: সীমিত ওভারের ক্রিকেটে সময় নিয়ে আরও সচেতন আইসিসি, বিশ্বকাপের আগেই আসতে চলেছে নতুন নিয়ম?
আন্তর্জাতিক ক্রিকেটে সময়ের অপচয় রুখতে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে আইসিসি। টি২০ তথা সীমিত ওভারের ক্রিকেটকে আরও বেশি সময় সচেতন করতে নতুন ভাবনা আইসিসির। আসন্ন টি২০ বিশ্বকাপে নিয়মে বিরাট পরিবর্তন আনছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। স্লো ওভার রেট নিয়ে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি।
আসন্ন টি২০ বিশ্বকাপে ম্যাচগুলি সময়মতো শেষ করা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেএছে আইসিসি। স্টপ ক্লক নিয়মের স্থায়ী প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ম্যাচ শেষ করতে উদ্যোগী আইসিসি। শুধু ওভার চলাকালীন নয়, বরং ২টি ওভারের মাঝে চোখ রাখা হবে ঘড়িতে। একটি ওভার শেষ হলে পরের ওভার শুরু করার মাঝে বোলিং দল সময় পাবে ১ মিনিট।

নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু করতে হবে। ওভার শেষ হওয়ার সাথে সাথে তৃতীয় আম্পায়ার টাইমার চালু করবেন। ফিল্ডিং দল আম্পায়ারদের কাছ থেকে লঙ্ঘনের জন্য পাঁচ রানের শাস্তি বা পরবর্তী প্রতিটি লঙ্ঘনের আগে দুটি সতর্কতা পাবে।
একই ইনিংসে তিনবার ফিল্ডিং দল ১ মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে না পারলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসেবে উপহার দেওয়া হবে। অর্থাৎ, ইনিংসে ৩ মিনিটের বেশি লেটের জন্য ৫ রানের মাশুল গুনতে হবে ফিল্ডিং করা দলকে।
স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ক্রিকেটারদের জরিমানা থেকে ক্যাপ্টেনের নির্বাসন পর্যন্ত সব কিছুই দেখা গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। বোলিং কোটা শেষ করতে বেশি সময় নিলে সীমিত ওভারের ক্রিকেটে বৃত্তের ভিতরে বাড়তি ফিল্ডার রাখার শাস্তিও পেতে হয় এখন।
এদিকে, আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব আরও বাড়ানো হচ্ছে। ব্যাটারদের, ডিআরএস কল বা অন্য কোনো কারণে বিলম্ব হচ্ছে কিনা সেটা দেখবেন ফিল্ড আম্পায়াররা। ক্রিকবাজের মতে, স্টপ ক্লক নিয়মকে স্থায়ী করার সিদ্ধান্ত দুবাইতে আইসিসির বৈঠকে অনুমোদিত হতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে ঘড়ির ব্যবহার নতুন কিছু নয়। ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যান রেডি না হলে তাঁকে টাইমড আউট দেওয়ার নিয়ম বহু পুরনো। যদিও বিশ্বকাপের মঞ্চে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেখা যায় সেই ছবি।
দুবাইতে আইসিসির আসন্ন বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও একটি আলোচনা হবে বলে আশা করা হচ্ছে যার মূল বিষয় হল পাকিস্তানে গিয়ে ভারতের খেলা নিশ্চিত করা। গত বছর এশিয়া কাপও পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতাটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।












Click it and Unblock the Notifications