টি ২০ বিশ্বকাপ ফাইনালে টস জিতল ইংল্যান্ড, প্রথমে ব্যাটিং পাকিস্তানের, দুই দলের একাদশে কারা?
টি ২০ বিশ্বকাপ ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুই দলের একাদশই অপরিবর্তিত। মেলবোর্নের আকাশ মেঘলা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রান তাড়া করার সিদ্ধান্ত বাটলার নিয়েছেন।

ডেভিড মালান ও মার্ক উড চোটের কারণে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারেননি। তবে গতকাল তাঁদের অনুশীলনে দেখে মনে করা হচ্ছিল, ফাইনালে ইংল্যান্ড এই দুই নির্ভরযোগ্য ক্রিকেটারকে পেতে পারে। যদিও তাঁরা ফাইনালেও খেলতে পারছেন না। ম্যাচ শুরুর নির্ধারিত সময় ভারতীয় সময় বেলা দেড়টায়। সেইমতো টস হওয়ার কথা আধ ঘণ্টা আগে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তা হয়েছে আরও আগেই।
১৯৯২ সালের পর এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান। বিরানব্বইয়ের বিশ্বকাপে পাকিস্তান টস জিতেছিল, প্রথমে ব্যাট করেছিল। ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের দল। আজ অবশ্য টস জিতেছে ইংল্যান্ড। কিন্তু প্রথমে ব্যাটিং করবে পাকিস্তান। ফলে ইতিহাসের পুনরাবৃত্তি হবে কিনা তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যারাই ফাইনালে জিতবে তারা দ্বিতীয়বারের জন্য টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হবে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, খুবই বড় ম্যাচ। দুটি দলই দারুণ ফর্মে রয়েছে। উইকেট ভালো। আবহাওয়ার কথা মাথায় রেখেই টস জিতে ফিল্ডিং নিলাম। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানান, তিনিও টস জিতলে বোলিংই নিতেন। বাবর হলেন, আমরা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে চাই। প্রতিপক্ষকে এর মাধ্যমেই চাপে রাখা লক্ষ্য। আমাদের দল অসাধারণ ক্রিকেট খেলছে। ১৯৯২ সালের পুনরাবৃত্তি ঘটাতে আমরা সেরাটা দিতে প্রস্তুত। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপের আসরে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে দ্বৈরথ হয়েছে ২ বার। দুটি ম্যাচেই জয়লাভ করেছে ইংল্যান্ড। ২০০৯ সালে জিতেছিল ৪৮ রানে, ২০১০ সালে ৬ উইকেটে। পাকিস্তান টি ২০ বিশ্বকাপ জেতে ২০০৯-এ। তার পরের বছর টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
৫০ ওভারের বিশ্বকাপে পারস্পরিক দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। ১০টি ম্যাচে তারা ইংল্যান্ডকে হারিয়েছে পাঁচটিতে, পরাস্ত হয়েছে চারটিতে। একটি ম্য়াচে বৃষ্টির কারণে ফয়সালা হয়নি। সামগ্রিক দ্বৈরথের নিরিখে ইংল্যান্ড ১৮-৯ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। চলতি টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে পাকিস্তান হেরেছিল জিম্বাবোয়ের কাছে, ইংল্যান্ডকে বৃষ্টিবিঘ্নিত হারিয়ে চমক দেয় আয়ারল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড ও পাকিস্তান আজ অবধি একটিও টি ২০ আন্তর্জাতিক ম্যাচ জেতেনি।
ইংল্যান্ড- জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ
পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।












Click it and Unblock the Notifications