T20 World Cup 2026: ভারত ও শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপ ২০২৬ সালে! কোন ১২ দলের জায়গা ইতিমধ্যেই সুনিশ্চিত?
T20 World Cup 2026: ২০২৬ সালে টি২০ বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। চলতি টি২০ বিশ্বকাপের মতো পরের সংস্করণেও থাকছে ২০টি দেশ।
তারই মধ্যে ১২টি দলের জায়গা পাকা হয়ে গেল। বাকি ৮টি দল আসবে বিশ্বের বিভিন্ন প্রান্তের যোগ্যতা অর্জন পর্বের খেলা থেকে টিকিট কনফার্ম করে।

অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় স্কটল্যান্ডকে বিদায় নিতে হলো। ইংল্যান্ডের শেষ ম্য়াচ ভেস্তে গেলে স্কটরা সুপার এইটে পৌঁছে যেতে পারতো। যদিও শেষমেশ তা হয়নি। ফলে স্কটল্যান্ড সুপার এইটে যেমন যেতে পারল না, তেমনই পেল না ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ খেলার টিকিট।
স্কটল্যান্ড ও জিম্বাবোয়েকে ওই টি২০ বিশ্বকাপ খেলতে যোগ্যতা অর্জন পর্ব থেকে জিতে আসতে হবে। আমেরিকা রিজিওন থেকে একটি দলের খেলার কথা ছিল ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে। কিন্তু আমেরিকা সুপার এইটে ওঠায় তাদের জায়গা কনফার্ম হয়ে গিয়েছে। ফলে এই অঞ্চলের আরও একটি দেশ টি২০ বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।
বিশ্বকাপের আয়োজকরা সরাসরি খেলার সুযোগ পায়। ফলে ভারত ও শ্রীলঙ্কা আয়োজক দেশ হিসেবেই ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ খেলবে। শ্রীলঙ্কা অবশ্য এবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ২০০৭ সালের পর এবার ফের কাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে।
ভারত ছাড়া সুপার এইটে ওঠা বাকি ৭টি দেশ সরাসরি খেলবে টি২০ বিশ্বকাপের পরের সংস্করণেও। সেই দেশগুলি হলো- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া তিনটি দল টি২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল র্যাঙ্কিংয়ে অবস্থানের নিরিখে।
আইসিসি টি২০ দলগত র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড (ষষ্ঠ স্থান), পাকিস্তান (সপ্তম স্থান) ও আয়ারল্যান্ড (একাদশ স্থান) পরের টি২০ বিশ্বকাপেও খেলবে। স্কটল্যান্ড এবারের বিশ্বকাপে খেলল, পরের টি২০ বিশ্বকাপ খেলতে যোগ্যতা অর্জন পর্ব থেকে ধাপে ধাপে উঠে আসতে হবে। আফ্রিকা কোয়ালিফায়ার থেকে যোগ্যতা অর্জন করতে না পারায় চলতি বিশ্বকাপে নেই জিম্বাবোয়ে। তাদের পরের সংস্করণে খেলা সুনিশ্চিত করতে কোয়ালিফায়ারে ভালো ফল করতেই হবে।












Click it and Unblock the Notifications