T20 World Cup 2024: নিউ ইয়র্কে গেলেন বিরাট কোহলি, টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে দাপট স্পষ্ট পরিসংখ্যানেই
T20 World Cup 2024: প্রতীক্ষার অবসান। অবশেষে টি২০ বিশ্বকাপ খেলতে নিউ ইয়র্ক রওনা হয়ে গেলেন বিরাট। আজ তিনি মুম্বই বিমানবন্দর থেকে বিমান ধরেন।
বিরাট আইপিএলের পর কয়েক দিনের বিশ্রাম চেয়ে নিয়েছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তরতাজা হয়েই পাড়ি দিলেন মার্কিন মুলুকে।

বিরাট ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর দেশের হয়ে আর কোনও টি২০ আন্তর্জাতিক খেলেননি। যদিও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সদ্যসমাপ্ত আইপিএলে ওপেন করে ১৫টি ম্যাচে সর্বাধিক ৭৪১ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৩।
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলস্টোনেও এবারই পৌঁছন বিরাট। সদ্যসমাপ্ত আইপিএলে তাঁর ব্যাটিং গড় ছিল ৬১.৭৫, স্ট্রাইক রেট ১৫৪.৬৯। একটি শতরান ও পাঁচটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৬২টি চার ও ৩৮টি ছয় মেরেছেন।
টি২০ বিশ্বকাপে অবশ্য বিরাটের ওপেন করার সম্ভাবনা কম। দীর্ঘ বিমানযাত্রা করে নিউ ইয়র্কে পৌঁছনো যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং ও যুজবেন্দ্র চাহাল গতকাল দলের অনুশীলনে হাজির থাকলেও তাঁদের তেমন পরিশ্রম করানো হয়নি। রিজার্ভে থাকলেও শুভমান গিল প্রথমে নেটে ব্যাট করেছেন রোহিত শর্মার সঙ্গে।
পরে ব্যাট করেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজারা। এমনিতে অনুশীলনের পরিকাঠামো নিয়ে অসন্তোষ রয়েছে ভারতীয় শিবিরে। শনিবার নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ রয়েছে।
বিরাট কোহলি সেই ম্য়াচে খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেন না, বিরাট নিউ ইয়র্কে পৌঁছবেন আগামীকাল। ফলে পরের দিনই তাঁর মাঠে নামার সম্ভাবনা দেখছেন না অনেকেই। বিরাট ২২ মে আইপিএলে এলিমিনেটরে খেলেছেন। সেই ম্যাচ থেকেই বিদায় নেয় আরসিবি।
এরপর বিরাট ছিলেন মুম্বইয়ে। সম্প্রতি একটি রেস্তরাঁয় তাঁকে ও অনুষ্কাকে দেখা গিয়েছিল সস্ত্রীক জাহির খানের সঙ্গে ডিনার করে বের হতে। একজন টিভি সঞ্চালকও সেখানে ছিলেন। আজ বিমানবন্দরে বিরাটকে দেখা গেল ফুরফুরে মেজাজে। ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানান। বিরাট ফ্যানেদের অটোগ্রাফও দেন।
Virat Kohli gave his autograph to a young fan at the Mumbai Airport before leaving for New York. ❤️👌pic.twitter.com/l5ezgKrNxh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 30, 2024
বিরাটের টি২০ বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার ভিডিও দেখে উচ্ছ্বসিত ভক্তরা একটি পরিসংখ্যান সামনে এনেছেন। টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট ২৫ ইনিংসে ১৩ বার দলের হয়ে সর্বাধিক রান করেছেন। তিনি প্রথম টি২০ বিশ্বকাপ খেলেন ২০১২ সালে। তখন থেকে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ক্রিকেটারদের সম্মিলিত ১৫২ ইনিংসের ১৪টিতে ভারতীয় দলের অন্যরা কোনও ম্যাচে সর্বাধিক রান করেছেন।












Click it and Unblock the Notifications