T20 WC 2024, IND vs PAK: বিরাট কোহলির ব্যর্থতা অব্যাহত, টি২০ বিশ্বকাপে প্রথম কোন ঘটনার সাক্ষী?
T20 WC 2024, IND vs PAK: টি২০ বিশ্বকাপে বিরাট কোহলির ব্যর্থতা অব্যাহত। ওপেন করতে নেমে আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট আয়ারল্যান্ড ম্যাচে ১ আর আজ পাকিস্তানের বিরুদ্ধে ৪ রানে আউট হলেন।
ভিজে আউটফিল্ডের কারণে খেলা দেরিতে শুরু হয়। টস জিতে ফিল্ডিং নিতে দ্বিধা করেনি পাকিস্তান। প্রথম ওভারের পর বৃষ্টি নামার খেলা বন্ধ ছিল কিছুক্ষণ। তারপর ভারত ইতিমধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে।

বৃষ্টির পর নাসিম শাহকে আক্রমণে আনেন বাবর আজম। প্রথম বলেই হাফ ভলি কভার ড্রাইভ মারেন কোহলি। আউটফিল্ড বৃষ্টির কারণে মন্থর হলেও এতটাই ভালো টাইমিং হয়েছিল যে চার পেতে অসুবিধা হয়নি। পরের বলে রান আসেনি। তার পরের বলেই বিরাট আউট।
যতটা দ্রুত বলটা আসবে প্রত্যাশা করেছিলেন সেটা হয়নি। সে কারণে কোহলির শট তালুবন্দি করতে অসুবিধা হয়নি উসমান খানের। ৩ বলে ৪ রান করেই সাজঘরে ফেরেন কোহলি। ভারতের ওপেনিং জুটি ভাঙে ১.৩ ওভারে ১২ রানে। পিচে বল থমকে আসার খেসারত দেন রোহিত শর্মা।
শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে তিনি দুরন্ত ছক্কা হাঁকিয়েছিলেন। আফ্রিদির পরের ওভারে তেমনই শট খেলার পরিকল্পনা ছিল হিটম্যানের। যদিও ধরা পড়েন হ্যারিস রউফের হাতে। রোহিত ১২ বলে ১৩ রান করে আউট হন, ২.৪ ওভারে ১৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। তিনে নামেন ঋষভ পন্থ, চারে পাঠানো হয়েছে অক্ষর প্যাটেলকে।
টি২০ বিশ্বকাপ বিরাট প্রথম খেলেন পাকিস্তানের বিরুদ্ধে। কলম্বোয় সেই ম্যাচে ৬১ বলে অপরাজিত ৭৮ করে হন ম্যাচের সেরা। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে মীরপুরে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট করেন ৩২ বলে অপরাজিত ৩৬।
২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে বিরাট ইডেনে ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করেছিলেন। সেই ম্যাচেও তিনিই হন ম্যান অব দ্য ম্যাচ। ২০২১ সালে পাকিস্তানের কাছে প্রথমবার টি২০ বিশ্বকাপে পরাস্ত হয় ভারত। দুবাইয়ে সেই ম্যাচে বিরাট ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন।
২০২২ সালের টি২০ বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে বিরাট ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন, পান ম্যাচের সেরার পুরস্কার। ফলে এই প্রথম টি২০ বিশ্বকাপে তিনি পাকিস্তানের বিরুদ্ধে দুই অঙ্কের রান পেলেন না। এই নিয়ে দ্বিতীয়বার তিনি টি২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ১০-এ পৌঁছতে পারলেন না। ২০১২ সালে বেঙ্গালুরুতে বিরাট পাকিস্তানের বিরুদ্ধে আউট হন ১১ বলে ৯ রান করে।












Click it and Unblock the Notifications