T20 World Cup Unique Records: বুমরাহ ও পন্থের বিরল নজির! টি২০ বিশ্বকাপে অবাক করার মতো ঘটনা কোনগুলি?
Bumrah's Unique Record: টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন হলো ভারত। সবচেয়ে বেশি বয়সের (৩৭ বছর ৬০ দিন) অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জিতলেন রোহিত শর্মা।
এ ছাড়াও এমন কিছু ঘটনা ঘটল এবারের বিশ্বকাপে যা আগে কখনও ঘটেনি। তার মধ্যে অন্যতম জসপ্রীত বুমরাহর বিরল নজির।

পুরুষ ও মহিলা টি২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ব্যাট হাতে কোনও রান না করেই কেউ টুর্নামেন্টের সেরার পুরস্কারটি পেলেন। জসপ্রীত বুমরাহ পাকিস্তান ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন। আর ব্যাট করতে হয়নি।
যদিও ৫০ ওভারের বিশ্বকাপে এমন নজির রয়েছে। ২০০৭ সালের বিশ্বকাপে গ্লেন ম্যাকগ্রা ১১টি ম্যাচে ব্যাট করতেই নামতে পারেননি। ২০১৫ সালে বিশ্বকাপের সেরা মিচেল স্টার্ক ৩ ইনিংসে ৩ বল খেলেছিলেন। কোনও রান করেননি।
টি২০ বিশ্বকাপের কোনও সংস্করণে অন্তত ১০০টি বল করেছেন, সেই নিরিখে বুমরাহর ইকনমিই সেরা। চলতি টি২০ বিশ্বকাপে বুমরাহর ইকনমি ৪.১৭। ৮ ম্যাচের মধ্যে তিনি সর্বাধিক রান দিয়েছেন ২৯, অস্ট্রেলিয়া ম্যাচে। বুমরাহ ২৯.৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ উইকেট নিয়েছেন এবারের টি২০ বিশ্বকাপে। ইনিংসে তিন উইকেট ২ বার, ২টি করে উইকেট নিয়েছেন চারটি ম্যাচে। তাঁর বলে মাত্র ১২টি চার ও ২টি ছয় মারতে পেরেছেন বিভিন্ন দলের ব্যাটররা।
টি২০ বিশ্বকাপে সামগ্রিক রান রেট এবারই সবচেয়ে কম (৭.০৯)। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহীতে তা ছিল ৭.৪৩। ২০২১ সালে ৪০৫টি ছক্কার রেকর্ড ভেঙে এবার টি২০ বিশ্বকাপে সর্বাধিক মোট ৫১৭টি ছয় হয়েছে। ২১.৩৫টি বল অন্তর একটি করে ছয়, যা সর্বকালীন রেকর্ড।
২০০৯ সালের টি২০ বিশ্বকাপের পর এবারই প্রথম টি২০ বিশ্বকাপে কেউ শতরান পাননি। ২০২১ সালে ইনিংসে চার উইকেট দখলের সংখ্যা ছিল ১৪, সেটা এবার বেড়ে হলো ১৯। এবারের টি২০ বিশ্বকাপে ৫২টি ম্যাচে মেডেন ওভারের সংখ্যা ৪৪। ২০১২ সালে ২৭ ম্যাচে ২১টি মেডেন ওভারের রেকর্ড ভাঙল এবার।
আফগানিস্তান এবার যে পাঁচটি ম্যাচে জিতেছে সব কটিতেই প্রতিপক্ষকে অল আউট করে। কোনও টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশিবার প্রতিপক্ষকে অল আউট করার নিরিখে তারা ছুঁল ২০১০ সালে অস্ট্রেলিয়ার কীর্তি। আফগানরা হেরেছে তিনটিতে, তার সব কটিতেই অল আউট হয়েছে।
পাকিস্তানের মহম্মদ আমির টি২০ বিশ্বকাপে প্রথম বোলার যিনি দুটি সংস্করণে একটিও ছক্কা হজম করেননি। এবার তিনি ৯৬টি বল করেছেন। ২০১০ সালে তাঁর ১৩৯ বলে কেউ ছক্কা হাঁকাতে পারেননি। ২০০৯ সালের টি২০ বিশ্বকাপে উমর গুলের ক্ষেত্রে সংখ্যাটি ছিল ১৪৭ বল।












Click it and Unblock the Notifications