T20 World Cup 2024: বৃষ্টিতে পরিত্যক্ত নেপাল ম্য়াচ! শ্রীলঙ্কার কার্যত বিদায়, সুপার এইটে যেতে কোন সমীকরণ ভরসা?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গেল শ্রীলঙ্কার। প্রথম দুটি ম্যাচে পরাস্ত হয়েছিল ২০১৪ সালের টি২০ বিশ্বজয়ীরা। আজ ছিল নেপালের বিরুদ্ধে ম্যাচ।
ফ্লোরিডার লডারহিলে তুমুল বৃষ্টি হচ্ছে। ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতাও জারি রয়েছে। এই আবহে শ্রীলঙ্কা-নেপাল ম্য়াচ হওয়া নিয়ে ছিল সংশয়। শেষ অবধি আশঙ্কা সত্যি করে ধুয়েই গেল সেই ম্যাচ।

ফলে এবারের টি২০ বিশ্বকাপে এখনও জয় অধরা শ্রীলঙ্কা ও নেপালের। যার ফলে তাদের সুপার এইটে ওঠার সম্ভাবনা ক্ষীণ। আজকের ম্য়াচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা সরকারিভাবে সুপার এইটে পৌঁছনোর ছাড়পত্র পেল। যদিও জয়ের হ্যাটট্রিক সারতেই তাদের শেষ আটে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল।
অঙ্কের নিয়মে প্রোটিয়াদের সুপার এইটের টিকিট কনফার্ম হলো আজ। গ্রুপ ডি-তে তারা এই মুহূর্তে শীর্ষেই রয়েছে। শ্রীলঙ্কা ও নেপালকে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলি জিততেই হবে। যদিও তা যথেষ্ট হবে না। নির্ভর করতে হবে এই গ্রুপের বাকি ম্যাচগুলির ফলাফলের উপর।
শ্রীলঙ্কাকে প্রথমেই যে প্রার্থনা করতে হবে তা হলো কাল বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচটিও যাতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ২ ম্যাচে ২ পয়েন্ট রয়েছে নেদারল্যান্ডসেরও। ফলে এই দুই দলের দ্বৈরথ যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে তারা থাকবে তিন পয়েন্টে।
তবে এতেও স্বস্তি নেই শ্রীলঙ্কার। ১৬ জুন তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে জিততেই হবে। তাকিয়ে থাকতে হবে আরও দুটি ম্যাচের দিকে। প্রার্থনা করতে হবে ১৪ জুন যেন দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে নেপালকে হারায়। এরপর ১৬ জুন যেন বাংলাদেশকে হারিয়ে দেয় নেপাল, তবে জয়ের ব্যবধান যেন খুব বেশি না হয়।
নেপালের শেষ দুটি ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে। এই দুটি ম্যাচে জিতলে তারা পৌঁছে যাবে সুপার এইটে। সেই সঙ্গে নেদারল্যান্ডস তাদের বাকি দুটি ম্যাচের একটিতেও না জিততে পারলে সম্ভাবনা বাড়বে নেপালের। যদিও দক্ষিণ আফ্রিকা যে ছন্দে রয়েছে তাতে তাদের হারানোটা নেপালের পক্ষে খুব কঠিন।
এদিকে, লডারহিলে যা আবহাওয়ার পূর্বাভাস তাতে আরও তিনটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আশঙ্কা থাকছে। গ্রুপ এ-তে এখানে ১৪ জুন আমেরিকা বনাম আয়ারল্যান্ড, ১৫ জুন ভারত বনাম কানাডা এবং ১৬ জুন আয়ারল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ রয়েছে। এই ম্য়াচগুলি বৃষ্টিতে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী। আর তাতে সবচেয়ে বেশি চিন্তা পাকিস্তানের।
কেন না, ভারত ও আমেরিকা ৪ পয়েন্টে দাঁড়িয়ে। অঘটন না ঘটলে ভারত আজ ৬ পয়েন্টে পৌঁছে যাবে। এই পরিস্থিতিতে পাকিস্তানের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে সবমিলিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করায় সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবেন বাবর আজমরা। আমেরিকা ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই বিদায় নেবে পাকিস্তান।












Click it and Unblock the Notifications