T20 World Cup 2024: ঘুচল সেমির অভিশাপ! আফগানিস্তানকে চূর্ণ করে ফাইনালে উঠে ইতিহাস দক্ষিণ আফ্রিকার
T20 World Cup 2024: পুরুষদের ক্রিকেটে এই প্রথমবার আইসিসির বিশ্বকাপ ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে রীতিমতো চূর্ণ-বিচূর্ণ করে।
এর আগে, ৫০ ওভারের বিশ্বকাপে পাঁচবার ও টি২০ বিশ্বকাপে ২ বার সেমিফাইনাল পর্যন্ত গিয়েও সেই বাধা টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দুর্ভাগ্যের সঙ্গী হয়ে জুটেছিল চোকার্স বদনাম।

যদিও চলতি টি২০ বিশ্বকাপে অপরাজেয় থেকে দক্ষিণ আফ্রিকা ইতিহাস গড়ল। খেতাব আর এক ধাপ দূরে। শনিবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত বা ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে নজর কেড়েছিল আফগানিস্তান। কিন্তু সেমিফাইনালে ভেঙে পড়ল আফগানদের ব্যাটিং লাইন আপ।
ত্রিনিদাদের টারৌবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। প্রোটিয়া বোলারদের দাপটে রশিদ খানের দল গুটিয়ে যায় ১১.৫ ওভারে ৫৬ রানে। টি২০ আন্তর্জাতিকে এটি আফগানদের সর্বনিম্ন রান। টি২০ বিশ্বকাপে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ৭২, ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে।
পুরুষদের টি২০ আন্তর্জাতিক টুর্নামেন্টের নক আউট ম্যাচেও আফগানিস্তানের ৫৬ সর্বনিম্ন স্কোর। গত বছর এসিএ কাপ সেমিফাইনালে বটসোয়ানা ৬২ রানে অল আউট হয়েছিল উগান্ডার বিরুদ্ধে। এদিন আজমাতুল্লাহ ওমরজাই ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি।
রহমানুল্লাহ গুরবাজ ৩ বলে ০ রানে প্রথম ওভারের শেষ বলে ফেরেন। ৪ রানে প্রথম, ১৬ রানে দ্বিতীয়, ২০ রানে তৃতীয় ও চতুর্থ, ২৩ রানে পঞ্চম উইকেট পড়ে। ৫ ওভারেই পাঁচ উইকেট হারায় আফগানিস্তান। ৬.৩ ওভারে ২৮ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ৫০ রানে সপ্তম, অষ্টম ও নবম উইকেটের পতন ঘটে। তার মধ্যে চতুর্থ ওভারে কাগিসো রাবাডা ও দশম ওভারে তাবরেজ শামসি নেন দুটি করে উইকেট।
ইব্রাহিম জাদরান ২, গুলবদিন নঈব ৯, মহম্মদ নবি ০, নাঙ্গেয়ালিয়া খরোটে ২, করিম জানাত ৮, রশিদ খান ৮, নূর আহমেদ ০, নবীন উল হক ২ রানে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন ফজলহক ফারুকি। মার্কো জানসেন ৩ ওভারে ১৬ ও শামসি ১.৫ ওভারে ৬ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। ১টি মেডেন-সহ ৩ ওভারে ১৪ রান দিয়ে রাবাডা নেন ২ উইকেট। আনরিখ নরকিয়া ৩ ওভারে ৭ রান খরচ করে ২ উইকেট পেয়েছেন।
৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১.৫ ওভারে কুইন্টন ডি ককের (৮ বলে ৫) উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর আর উইকেট খোয়াতে হয়নি। ৮.৫ ওভারেই নিশ্চিত হয় ৯ উইকেটে জয়। রিজা হেন্ডরিকস ২৫ বলে ২৯ ও অধিনায়ক এইডেন মার্করাম ২১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। ২ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট ফজলহক ফারুকির।
১৯৯২ (ইংল্যান্ডের কাছে), ১৯৯৯ (টাইয়ের পর সুপার সিক্সে ভালো খেলার ভিত্তিতে ফাইনালে যায় অস্ট্রেলিয়া), ২০০৭ (অস্ট্রেলিয়ার কাছে), ২০১৫ (নিউজিল্যান্ডের কাছে) ও ২০২৩ (অস্ট্রেলিয়ার কাছে) সালে ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ২০০৯ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তান ও ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরেছিল প্রোটিয়ারা।












Click it and Unblock the Notifications