T20 World Cup 2024: রোহিতের সাফল্যের নেপথ্যে সৌরভের ভূমিকা! টি২০ বিশ্বকাপ ফাইনালে কোহলিকে নিয়ে বিরাট বার্তা
T20 World Cup 2024: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপের পর এবার টি২০ বিশ্বকাপ। ২০২৩ সালে দুটি এবং চলতি বছর একটি- টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত।
তিনটি ক্ষেত্রেই অধিনায়ক রোহিত শর্মা। আর রোহিতকে অধিনায়ক করার নেপথ্যে যিনি, তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বিসিসিআই সভাপতি থাকাকালীনই রোহিত ভারত অধিনায়ক হন।

সৌরভ আজ এক অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে বলেন, রোহিত শর্মার জন্য খুব ভালো লাগছে। ৬ মাস আগেও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন না, তিনিই এখন ভারতকে টি২০ বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিচ্ছেন। পরপর দুটি বিশ্বকাপে অপরাজেয় থেকে রোহিতের নেতৃত্বাধীন ভারত ফাইনালে উঠেছে।
রোহিতের অধিনায়কত্ব, নেতৃত্ব দেওয়ার গুণের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেন, আমি মোটেও অবাক নই। আমি বিসিসিআই সভাপতি থাকাকালীনই বিরাট ভারতের অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন। প্রস্তুত নন বলে রোহিত প্রথমে অধিনায়ক হতে চাইছিলেন না। আমরা সকলে মিলে তাঁকে বুঝিয়ে অধিনায়ক করি।
রোহিতের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট যেভাবে উন্নতি করেছে তা দেখে স্বাভাবিকভাবেই তৃপ্ত দেশের অন্যতম সফল অধিনায়ক মহারাজ। তাঁর কথায়, রোহিত পাঁচবার আইপিএল খেতাব জিতেছেন। যা এক অসাধারণ কীর্তি। আইপিএল জেতা অনেক কঠিন। আমার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করবেন না। আমি বলছি না যে, আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের থেকে ভালো।
আইপিএল জেতা কেন কঠিন তা বুঝিয়ে দিয়েছেন সৌরভ। তাঁর কথায়, আইপিএল খেতাব জিততে ১৬-১৭টি ম্যাচ খেলতে হয়। জিততে হয় অন্তত ১২-১৩টি ম্যাচ। সেখানে ৮-৯টি ম্যাচ জিতলেই বিশ্বকাপ জেতা যায়। তবে বিশ্বকাপ জেতার গৌরব অনেক বেশি। আশা রাখি, রোহিত কাল সেটা করে দেখাবেন।
সৌরভের কথায়, আমি মনে করি না ৭ মাসের মধ্যে রোহিত দুটি বিশ্বকাপ ফাইনালে হারবেন। সেটা হলে রোহিত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবেন। রোহিত সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অনবদ্য ব্যাটিং করছেন। যা কাল অটুট থাকবে বলে আশা করছি। খোলা মনে খেলে ভারত বিশ্বকাপ জিতুক, আশা রাখি। চলতি টি২০ বিশ্বকাপে ভারতকেই সেরা দল হিসেবে বেছে নিয়েছেন সৌরভ। বড় টুর্নামেন্ট জিততে ভাগ্যের সহায়তাও দরকার হয়, সেটাও কাল থাকবে বলে আশাবাদী দাদা।
ভারত ২০১৩-র পর আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এর মধ্যেও ইতিবাচক দিক দেখছেন সৌরভ। তিনি বলেন, মনে রাখতে হবে আমরা কিন্তু ফাইনালে উঠেছি। চ্যাম্পিয়ন হতে গেলে ফাইনালে উঠতে হয়। ভারত আগেই ছিটকে যায়নি। দাপট নিয়েই খেলছে, যা ইতিবাচক। সাত মাস আগে বিশ্বকাপেও ভারত ফাইনালে গিয়েছিল সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করে। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়।
বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে সৌরভ বলেছেন, বিরাটের ওপেন করাই উচিত। সাত মাস আগেও বিশ্বকাপে তিনি সাতশো রান করেছেন। বিরাটও একজন মানুষ। ব্যর্থতা আসতেই পারে, সেটা মেনে নিতে হবে। কোহলি, সচিন, দ্রাবিড় সকলেই ভারতীয় ক্রিকেটের প্রতিষ্ঠান-সম। তিন-চারটি ম্যাচ কাউকে দুর্বল বানিয়ে দেয় না। কাল ফাইনালে তাঁকে হিসেবের বাইরে রাখলে ভুলই হবে।












Click it and Unblock the Notifications