T20 World Cup 2024: রোহিত ও সূর্য টানলেন ভারতকে, টি২০ বিশ্বকাপ ফাইনালে যেতে ইংল্যান্ডের চাই ১৭২
T20 World Cup 2024: আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে ব্যাঘাত ঘটাল বৃষ্টি। তারই মধ্যে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড।
জস বাটলারদের সামনে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। রোহিত শর্মা অর্ধশতরান করেন। সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় তিন রানের জন্য।

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর টস হয়। খেলা শুরু হয় ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে। ভারত পাওয়ারপ্লে-র মধ্যেই ২ উইকেট হারায়। বিরাট কোহলি ৯ বলে ৯ রান করে বোল্ড হন রিস টপলির বলে, মেরেছেন ১টি ছয়। ২.৪ ওভারে ১৯ রানে প্রথম উইকেট পড়ে ভারতের।
ঋষভ পন্থ ৬ বলে ৪ রান করে আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৫.২ ওভারে ৪০। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৪৬। রোহিত শর্মা এদিন ছিলেন আগ্রাসী মেজাজেই। ৮ ওভারে স্কোর যখন ২ উইকেটে ৬৫, তখন বৃষ্টি ও মাঠ ভিজে থাকার কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।
তবে এত কিছুর পরেও ২০ ওভারের ম্যাচই হচ্ছে। ৬.১ ওভারে ভারত ৫০ রানে পৌঁছয়, ১০০ রান আসে ১২.৩ ওভারে। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব তৃতীয় উইকেট জুটিতে ৭৩ রান যোগ করেন। রোহিতের অর্ধশতরান আসে ৩৬ বলে।
১৩.৪ ওভারে আদিল রশিদের বলে বোল্ড হন রোহিত। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৫৭ রান করেন ভারত অধিনায়ক। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৪৭ করেন সূর্যকুমার যাদব। ১৮তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে হার্দিক পাণ্ডিয়া (১৩ বলে ২৩) ও শিবম দুবে (১ বলে ০)-কে ফেরান ক্রিস জর্ডন।
১৪ থেকে ১৮ ওভারের মধ্যে ভারত ৩৭ রান তোলার ফাঁকে চার উইকেট হারায়। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলল। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ১৬৯ রানের টার্গেট দিয়েছিল ভারত। ২৪ বল বাকি থাকতে ১০ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এদিনের টার্গেট আগের তুলনায় তিন রান বেশি।
অক্ষর প্যাটেল করেন ৬ বলে ১০ রান। রবীন্দ্র জাদেজা ৯ বলে ১৭ ও অর্শদীপ সিং ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। শেষ পাঁচ ওভারে পড়ে চার উইকেট, রান এসেছে ৫৩। ক্রিস জর্ডন ৩ ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন। রিস টপলি ৩ ওভারে ২৫, জোফ্রা আর্চার ৪ ওভারে ৩৩, স্যাম কারান ২ ওভারে ২৫ ও আদিল রশিদ চার ওভারে ২৫ রান দিয়ে ১টি করে উইকেট নেন। লিয়াম লিভিংস্টোন ৪ ওভারে ২৪ রান দেন, উইকেট পাননি।












Click it and Unblock the Notifications