T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ খেলতে গেল ভারতের প্রথম ব্যাচ, রোহিতদের সঙ্গ এড়ালেন হার্দিক
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ খেলতে ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা আজই রওনা হয়ে গেলেন। মুম্বই বিমানবন্দরে রোহিত শর্মাদের ঘিরে ছিল উন্মাদনা।
যদিও রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের সঙ্গে মার্কিন মুলুকে গেলেন না সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি লন্ডনে রয়েছেন বলে জানা যাচ্ছে। দেখা যায়নি বিরাট কোহলিকেও।

বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছে তা থেকে স্পষ্ট হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর-সহ সাপোর্ট স্টাফরা এদিনই রওনা হয়ে গেলেন। রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, শিবম দুবে, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবও গেলেন প্রথম ব্যাচে।
মুম্বই থেকে রাত ১০টায় ছিল দুবাইয়ের বিমান। দুবাই গিয়ে ভারতীয় দল নিউ ইয়র্কের বিমান ধরবে। উল্লেখযোগ্য অনুপস্থিতি হার্দিক পাণ্ডিয়া। জানা যাচ্ছে, ভারতীয় দলের সহ অধিনায়ক এখন লন্ডনে। আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের বিদায় নিশ্চিত হওয়ার পর তিনি লন্ডনে গিয়ে ট্রেনিং সারছেন।
ফলে মার্কিন যুক্তরাষ্ট্রেই হার্দিক দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। ট্রাভেলিং রিজার্ভদেরও এদিন দুবাইয়ের বিমান ধরতে দেখা যায়নি। বিরাট কোহলিরও এদিনই ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু কোহলিও এদিন যাননি।
The wait is over.
— BCCI (@BCCI) May 25, 2024
We are back!
Let's show your support for #TeamIndia 🇮🇳 pic.twitter.com/yc69JiclP8
আইপিএলে প্লে-অফ থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর বিরাট পরিবারের সঙ্গে কয়েকদিন কাটিয়ে দ্বিতীয় ব্যাচের সঙ্গে বিমান ধরতে পারেন। ২৭ মে রওনা হওয়ার কথা রয়েছে সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, যশস্বী জয়সওয়ালের। জল্পনা রয়েছে, বিরাট পরিবার নিয়ে আলাদাও যেতে পারেন।
৫ জুন আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে ভারত টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ৯ জুন বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। ভারতীয় দলের সব ম্যাচই ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু বলে জানা যাচ্ছে।
ভারতীয় দলের হেড কোচ হিসেবে এটিই দ্রাবিড়ের শেষ সফর। ২০২২ সালে পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর এই প্রথম ভারতীয় দলের সঙ্গে কোনও সফরে গেলেন ঋষভ পন্থ। চলতি আইপিএলেই তিনি দারুণভাবে কামব্যাক করেছেন। প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করবেন আসন্ন টি২০ বিশ্বকাপেই।












Click it and Unblock the Notifications