রোহিত ছুঁলেন ধোনির কীর্তি! দক্ষিণ আফ্রিকা ফের চোকার্স, ভারতের বিশ্বজয়ে অনবদ্য বুমরাহ-অর্শদীপ-হার্দিক
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ খেতাব জিতে মহেন্দ্র সিং ধোনির কীর্তি স্পর্শ করলেন রোহিত শর্মা। ১১ বছর ধরে চলা আইসিসি ট্রফির খরা কাটল বার্বাডোজের কেনসিংটন ওভালে। ১৩ বছর পর ভারত কোনও বিশ্বকাপ জিতল।
এক সময় ম্যাচ প্রায় পকেটে পুরে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতকে ম্যাচে ফেরালেন জসপ্রীত বুমরাহ। ডেথ ওভারে ভরসা দিলেন অর্শদীপ সিংও। ভারতের কাপ জয় নিশ্চিত হয়ে যায় সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচে। শেষ চার ওভারে ছয় উইকেট হাতে নিয়েও ২৬ রান তুলতে পারল না চোকার্স প্রোটিয়ারা!

জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২.৩ ওভারে ১২ রান ওঠার ফাঁকে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রিজা হেন্ডরিকস ৫ বলে ৪ রান করে জসপ্রীত বুমরাহর দুরন্ত ডেলিভারিতে বোল্ড হন। অধিনায়ক এইডেন মার্করাম (৫ বলে ৪ রান) অর্শদীপ সিংয়ের বলে কট বিহাইন্ড হন।
প্রোটিয়ারা লড়াইয়ে ফেরে কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবসের জুটিতে ভর করে। ৮.৫ ওভারে তৃতীয় উইকেট পড়ে ৭০ রানে। ট্রিস্টান স্টাবস ২১ বলে ৩১ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে যান। ১২.৩ ওভারে ১০৬ রানে চতুর্থ উইকেট হারায় প্রোটিয়ারা। ডি কক চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৩৯ রান করে অর্শদীপের দ্বিতীয় শিকার।
দক্ষিণ আফ্রিকা ৭.১ ওভারে ৫০, ১১.৩ ওভারে ১০০ ও ১৫.২ ওভারে দেড়শো রান পূর্ণ করে ফেলে। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন হেইনরিখ ক্লাসেন। ১৪ ওভারে কুলদীপ যাদব ১৪, ১৫তম ওভারে অক্ষর প্যাটেল ২৪ রান দেন। তাতেই পাল্লা ঝোঁকে প্রোটিয়াদের দিকে।
জসপ্রীত বুমরাহ ১৬ ওভারে মাত্র ৪ রান দেন। ফলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন দাঁড়ায় ২৪ বলে ২৬। ১৬.১ ওভারে হার্দিক পাণ্ডিয়ার স্লোয়ার ডেলিভারিতে কট বিহাইন্ড হন ক্লাসেন। তিনি করেন ২৭ বলে ৫২, ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে।
১৮ বলে দরকার ছিল ২২। ১৭.৪ ওভারে মার্কো জানসেন (৪ বলে ২)-কে বোল্ড করে দেন জসপ্রীত বুমরাহ। শেষ ২ ওভারে প্রয়োজন দাঁড়ায় ২১ রান। ১৯তম ওভারে মাত্র চার রান দেন অর্শদীপ। ২০তম ওভারের প্রথম বলে হার্দিক পাণ্ডিয়ার বলে ডেভিড মিলারের (১৭ বলে ২১) ক্যাচ বাউন্ডারি লাইনের ধারে দারুণভাবে ধরেন সূর্যকুমার যাদব। ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্যাচ হয়ে রইল এটি।
১৯.৫ ওভারে কাগিসো রাবাডার (৩ বলে ৪) উইকেট তুলে নিলেন হার্দিক পাণ্ডিয়া। ১৯.৫ ওভারে কাগিসো রাবাডার (৩ বলে ৪) উইকেট তুলে নিলেন হার্দিক পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের বেশি যেতে পারেনি। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২০ রান দিয়ে নিলেন ৩ উইকেট। অর্শদীপ সিং ৪ ওভারে ২০ ও জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৮ রান দিয়ে নিলেন ২টি করে উইকেট। ৪ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট অক্ষর প্যাটেলের। কুলদীপ যাদব এই প্রথম চলতি টি২০ বিশ্বকাপে উইকেট পেলেন না কোনও ম্যাচে। তিনি ৪ ওভারে ৪৫ রান দেন।
এর আগে, টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তোলে রোহিত শর্মার দল। বিরাট কোহলি ৫৯ বলে সর্বাধিক ৭৬ রান করেন। ৩১ বলে ৪৭ অক্ষর প্যাটেলের, শিবম দুবে করেন ১৬ বলে ২৭। রোহিত শর্মা ৯, ঋষভ পন্থ শূন্য, সূর্যকুমার যাদব তিন, রবীন্দ্র জাদেজা ২ রানে আউট হন। ৫ রানে নট আউট থাকেন হার্দিক পাণ্ডিয়া। আনরিখ নরকিয়া ও কেশব মহারাজ ২টি করে উইকেট দখল করেন। মার্কো জানসেন ও কাগিসো রাবাডা নেন ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications