T20 World Cup 2024: হাফ সেঞ্চুরি করেই কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়লেন রোহিত! পন্থের ব্যাটে আইরিশ বধ ভারতের
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ৮ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে অভিযান শুরু করল ভারত। জয়ের জন্য ৯৭ রানের টার্গেটে মেন ইন ব্লু পৌঁছে গেল ১২.২ ওভারেই।
নিউ ইয়র্কে পিচ অবশ্য চ্যালেঞ্জিংই ছিল। রোহিত শর্মা অর্ধশতরান করলেন। তবে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়লেন। পাকিস্তান ম্যাচের আগে যা উদ্বেগ বাড়াল ভক্তদের।

বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার ওপেনিং জুটি এদিন জমেনি। যদিও লো স্কোরিং ম্য়াচে ওপেনার রোহিত শর্মার সঙ্গে তিনে নামা ঋষভ পন্থ ভরসা দিলেন। ম্যাচ শেষ করলেন রিভার্স স্কুপে ছক্কা হাঁকিয়ে। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৩৬ রানে অপরাজিত রইলেন পন্থ।
পন্থ এদিন টি২০ আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করলেন। রোহিত শর্মা পেরিয়ে গেলেন টি২০ আন্তর্জাতিকে চার হাজার রানের মাইলফলক। এদিন চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেললেন। রোহিত আজ অর্ধশতরান পূর্ণ করেন ৩৬ বলে।
ভারতীয় ইনিংসের নবম ওভারটি করছিলেন জশ লিটল। তা রোহিতের কাঁধে লেগেছিল। আয়ারল্যান্ড ক্যাচ হয়েছে ভেবে রিভিউ নেয়, কিন্তু তাতে ভারতের কোনও সমস্যা হয়নি। এর পরের দুই বলে দুটি ছক্কা হাঁকান হিটম্যান। দশম ওভারের পঞ্চম বলে মিড উইকেট দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছন তিনি। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কা হয়ে গেল তাঁর।
এই ওভারের শেষ বলে ২ রান নিয়েই ড্রেসিংরুমের দিকে তিনি ইঙ্গিত করতে থাকেন। বোঝা যায় কোনও অস্বস্তি হচ্ছে। এরপরই তিনি রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে চলে যান। ম্যাচের শেষে অবশ্য তাঁকে হাসিমুখেই দেখা গিয়েছে। তিনি প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলান।
এমনও হতে পারে পাকিস্তান ম্যাচের আগে রোহিত সতীর্থদের ব্যাট করার সুযোগ দিতেই ড্রেসিংরুমে ফেরেন। সূর্যকুমার যাদব চারে নেমে ৪ বলে ২ রানের বেশি করতে পারেননি। বিরাট কোহলি ওপেন করতে নেমে ৫ বলে ১ রানে আউট হন। সূর্য ফেরার পর শিবম দুবে নামেন, তিনি ২ বল খেলে ০ রানে অপরাজিত থাকেন।
মার্ক অ্যাডের ৪ ওভারে ২৭ ও বেন হোয়াইট ১ ওভারে ৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন। এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। আয়ারল্যান্ড ১৬ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায়। গ্যারেথ ডেলানি ২৬, জশ লিটল ১৪, কুর্টিস ক্যাম্ফার ১২ ও লোরকান টাকার ১০ রান করেন।
জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৩ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট পেয়ে ম্যাচের সেরা হলেন। আইপিএল খেলে গিয়ে আমেরিকার পিচে পেস, বাউন্স, স্যুইং উপভোগ করছেন বলেও জানালেন। হার্দিক পাণ্ডিয়া ৩টি, অর্শদীপ সিং ২টি এবং মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল নেন ১টি করে উইকেট। ৪৬ বল বাকি থাকতে এলো জয়। গ্রুপ এ-র শীর্ষস্থানের দখল নিল ভারত, নেট রান রেট ৩.০৬৫।












Click it and Unblock the Notifications