T20 World Cup 2024: রোহিত-বিরাট জুটি ফের ব্যর্থ, কোহলির কীর্তি স্পর্শ হিটম্যানের
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ফের ব্যর্থ বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপেনিং জুটি। নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে ১১১ রানের টার্গেট তাড়া করছে ভারত।
আজ প্রথম ওভারের দ্বিতীয় বলেই দলগত ১ রানে ভাঙল ভারতের ওপেনিং জুটি। বিরাট টি২০ বিশ্বকাপে এই প্রথম গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন। বিরাটের মতো রোহিত শর্মাকেও ফেরালেন সৌরভ নেত্রভালকর।

প্রথম বলে রোহিত শর্মা ১ রান নেন। সৌরভ নেত্রভালকরের প্রথম বলেই কোহলি কট বিহাইন্ড হন। এই নিয়ে টি২০ আন্তর্জাতিকে তিনি ষষ্ঠবার শূন্য রানে আউট হলেন। টি২০ বিশ্বকাপে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরা এই প্রথম। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও আমেরিকার বিরুদ্ধে টি২০-তে শূন্য করলেন কোহলি।
২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর বিরাট প্রথম টি২০ আন্তর্জাতিক খেলেন চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে। বেঙ্গালুরুতে তিনি গোল্ডেন ডাক নিয়ে ফিরেছিলেন। ফলে শেষ চারটি ইনিংসের ২টিতেই প্রথম বলে আউট হলেন বিরাট, যিনি এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন।
চলতি টি২০ বিশ্বকাপে বিরাট কোহলি চূড়ান্ত ব্যর্থ। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেননি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেন ৫ বলে ১ রান। পাকিস্তানের বিরুদ্ধে তিন বলে চার রান করে আউট হন। এরপর আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার খেলতে নেমেই ভক্তদের হতাশ করলেন কোহলি। আজ নিয়ে শেষ পাঁচ ইনিংসে কোনওটিতে পাঁচ রানও করতে পারেননি তিনি।
বিরাটের এই ব্যর্থতার দিনে রান পাননি রোহিত শর্মাও। ৬ বলে তিন রান করে তিনি সৌরভ নেত্রভালকরের দ্বিতীয় শিকার হন। ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ২.২ ওভারে ১০ রানে। যদিও টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার নিরিখে রোহিত ধরে ফেললেন বিরাটকে, তাঁরা যুগ্ম দ্বিতীয় স্থানে।
বিরাট ১২০ ম্যাচে ১১২ ইনিংসে ৪০৪২ রান করেছেন। গড় ৪৯.৯০, স্ট্রাইক রেট ১৩৭.৯০। রোহিত আজ ১৫৪তম টি২০ আন্তর্জাতিক খেললেন। ১৪৬ ইনিংসে তাঁর রানও ৪০৪২। গড় ৩১.৮২, স্ট্রাইক রেট ১৩৯.৬৬। এই মুহূর্তে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের রেকর্ড বাবর আজমের।
চলতি টি২০ বিশ্বকাপেই বাবর টপকে গিয়েছেন বিরাটকে। তিনি ১২২ ম্যাচে ১১৫ ইনিংসে ৪১১৩ রান করেছেন। গড় ৪০.৭২, স্ট্রাইক রেট ১২৯.৪৬। বাবর তিনটি শতরান ও ৩৬টি অর্ধশতরান পেয়েছেন। কোহলির রয়েছে ১টি শতরান, ৩৭টি হাফ সেঞ্চুরি। রোহিত পাঁচটি টি২০ আন্তর্জাতিক শতরান ও ৩০টি অর্ধশতরানের মালিক। শূন্য রানে আউট হওয়ার নিরিখে বিরাট এদিন স্পর্শ করলেন বাবরের ৬ বার শূন্যে আউটের নজির। রোহিত ১২ বার ও পল স্টার্লিং ১৩ বার শূন্যে আউট হয়েছেন।












Click it and Unblock the Notifications