T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক পদ নিয়ে চর্চা, হার্দিককে টেক্কা দেবেন পন্থ?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়সীমা রয়েছে ১ মে অবধি। সেদিনই অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী বৈঠকের পর দল ঘোষণা করতে পারে।
রোহিত শর্মা যে অধিনায়ক হবেন, তা ফেব্রুয়ারিতেই স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সহ অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পাণ্ডিয়াকে ঋষভ পন্থ কড়া চ্যালেঞ্জ ছুড়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী মিলিয়ে আইপিএলে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্থ। উইকেটকিপিংয়ের পাশাপাশি যে ছন্দে ব্যাট করছেন সেটাও অবাক করার মতো। অত বড় দুর্ঘটনার শিকার হওয়ার পর যেভাবে রিহ্যাব চলেছে, দ্রুত উন্নতি হয়েছে তাতে পন্থের অদম্য মনোবলও বড় দিক।
মাসখানেক আগেও নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না যে, পন্থ টি২০ বিশ্বকাপ খেলবেন। কিন্তু আইপিএলে যেভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন তাতে বিশ্বকাপের টিকিট কনফার্ম। শুধু জায়গা পাকাই নয়, পন্থ সহ অধিনায়কত্ব করার জোরালো দাবিদার বলে উল্লেখ ক্রিকবাজের প্রতিবেদনে।
এর আগেও পন্থ সহ অধিনায়ক ছিলেন। তাঁকে এই পদ ফিরিয়ে দিতে চাইছেন নির্বাচকরা। ২০২২ সালে পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতকে নেতৃত্বও দিয়েছেন। দিন দশেক আগে আইপিএলে নবম স্থানে ছিল দিল্লি ক্যাপিটালস। আজ কেকেআরকে হারালে পন্থের দিল্লি পৌঁছে যাবে দুইয়ে।
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে পন্থ ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবেই যাবেন। হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বে মুম্বই ইন্ডিয়ান্স মোটেই ভালো খেলছে না। হার্দিকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। তিনি যেভাবে এক সতীর্থের দিকে আঙুল তুলেছেন, সেটাও হার্দিককে ব্য়াকফুটে ঠেলেছে।
গত বছর বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন হার্দিক। ২০২২ সালের পর থেকে টি২০ আন্তর্জাতিকে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বর্তমানে হার্দিক মোটেই স্বস্তিতে নেই। হার্দিকের বোলিং নিয়ে নির্বাচকরা সন্তুষ্ট হলেও তাঁকে সহ অধিনায়ক রাখা নাও হতে পারে।
টপ অর্ডারে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের থাকা নিশ্চিত। মিডল অর্ডারে ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা। শিবম দুবে ও রিঙ্কু সিংয়ের মধ্যে একজন এবং লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসনের মধ্যে একজন থাকবেন বিশ্বকাপের দলে।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদীপ যাদবের জায়গা পাকা। রবি বিষ্ণোইকে শেষ ল্যাপে পিছনে ফেলে দিয়ে টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল। যদিও যুজবেন্দ্র চাহালকে দলে রাখা হবে না বলেই জানা গিয়েছে। পেসারদের মধ্যে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং থাকবেন। সন্দীপ শর্মা ঠাঁই পেতে পারেন।
সন্দীপ স্লো-মিডিয়াম পেসে কার্যকরী ভূমিকা নিচ্ছেন। কিন্তু হার্দিক থাকায় সন্দীপকে নেওয়ার দরকার কিনা সে ব্যাপারে রোহিতের মতামত গুরুত্বপূর্ণ। শুভমান গিলের জায়গা পাওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ হতে পারে ভারত অধিনায়কের মতামত।












Click it and Unblock the Notifications