T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে রোহিতকে ভারত অধিনায়ক করার দাবি ক্রমেই জোরালো, রায়না তিনে চান কাকে?
T20 World Cup 2024: আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। ১৪ মাস পর দেশের হয়ে টি২০ খেলছেন। টি২০ বিশ্বকাপেও রোহিতকেই অধিনায়ক রাখার পক্ষে দাবি জোরালো হচ্ছে।
সুনীল গাভাসকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তনীরা রোহিতকে নেতা হিসেবে টি২০ বিশ্বকাপে দেখতে চাইছেন। এবার সেই তালিকায় যোগ হলো সুরেশ রায়নার নাম। সেই সঙ্গে বিরাট কোহলিকে নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি।

আজ স্পোর্টস ১৮-এ রায়না বলেন, আমি মনে করি তিনে বিরাটেরই ব্যাট করা উচিত। তাঁর অভিজ্ঞতা ভারতকে দৃঢ়তা দিতে পারে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো চ্যালেঞ্জিং পিচে। যশ্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, শুভমান গিলের মতো নির্ভীক ক্রিকেটাররা রয়েছেন। কিন্তু বিরাট ও রোহিতের উপস্থিতি ভারতীয় দলকে মজবুত করবে।
রান তাড়া করার সময় রোহিত ও বিরাটের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন রায়না। টি২০ বিশ্বকাপের উইকেট যে খুব যে সহজ হবে না, তেমনটাই ধারণা ভারতের এই প্রাক্তন তারকার। তাঁর কথায়, যে জায়গাগুলিতে খেলা হবে সেখানকার উইকেটগুলি কেমন আচরণ করে সেটা দেখার।
রায়না বলেছেন, কোহলি টি২০-তে ১২ হাজার রান করার পথে। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর ও রোহিতের অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৫০ ওভারের বিশ্বকাপে তাঁরা খুব ভালো খেলেছেন। লিডার হিসেবেও দলকে চাঙ্গা করতে রোহিত উল্লেখযোগ্য অবদান রাখেন বলে মন্তব্য রায়নার।
রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে টি২০ বিশ্বকাপে রোহিতকেই ভারতের অধিনায়ক হিসেবে চান রায়না। তিনি বলেন, রোহিতের ভাবনার স্বচ্ছতা অনেক বেশি। দলের ইচ্ছাশক্তি বাড়াতেও রোহিত লিডার হিসেবে অবদান রাখেন। বিশ্বকাপের সময়ও আমরা দেখেছি ড্রেসিংরুমে ক্রিকেটাররা তাঁকে কতটা সম্মান করেন।
রায়নার কথায়, রোহিত দলের সতীর্থদের সঙ্গে বন্ধুর মতো মেশেন। তিনি দারুণ ফর্মেও রয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হন না। ফিল্ডার দাঁড় করানোর ক্ষেত্রেও তিনি দারুণ পারদর্শী। বছরের পর বছর ধরে তিনি ভারতের প্রধান প্লেয়ারদের অন্যতম। ফলে তাঁকেই টি২০ বিশ্বকাপে অধিনায়ক করা উচিত। রোহিতের নেতৃত্বেই ভারত ২০০৭ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে আশাবাদী রায়না।
ক্যাপ্টেন হিসেবে রোহিত আজ ৫২তম টি২০ আন্তর্জাতিক খেলছেন। তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ৩৯টি ম্যাচে। হেরেছে ১২টিতে। ভারতকে সবচেয়ে বেশি ৭২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে সাফল্যের হারে রোহিত (৭৬.৮৭ শতাংশ) ধোনির (৫৯.২৮ শতাংশ) চেয়ে অনেকটাই এগিয়ে।












Click it and Unblock the Notifications