T20 World Cup 2024: ভারত-পাকিস্তান ম্যাচে ব্য়াঘাত ঘটাবে বৃষ্টি? রবিবার কেমন থাকবে নিউ ইয়র্কের আবহাওয়া?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় সকালে, ভারতীয় সময় রাত ৮টা থেকে খেলা শুরু।
টি২০ বিশ্বকাপে এবার জয় দিয়েই অভিযান শুরু করেছে ভারত। পাকিস্তান হোঁচট খেয়েছে টি২০ বিশ্বকাপে অভিষেক হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে পরাস্ত হয়ে।

ভারতের বিরুদ্ধে নামার আগে তাই পারফরম্যান্সে অনেকটাই উন্নতি ঘটাতে হবে ২০২২ সালের টি২০ বিশ্বকাপের রানার-আপদের। আমেরিকার পরিস্থিতিতে দলের বোলিং শক্তি নিয়ে আত্মবিশ্বাসী হলেও পাক অধিনায়ক বাবর আজম চিহ্নিত করেছেন দলের সমস্যা।
তিনি মনে করছেন, তাঁদের যা বোলিং শক্তি রয়েছে তাতে আমেরিকার কন্ডিশন আদর্শ। দরকার শুরু পরিকল্পনা অনুযায়ী নিজেদের মেলে ধরা। পাওয়ারপ্লে-তে মাত্র ১টি উইকেট তুলতে পেরেছিলেন বোলাররা। প্রথম দশ ওভারের বোলিং নিয়ে সমস্যার কথা মেনে নিয়েছেন বাবর।
বাবরের উপলব্ধি প্রথমদিকে দ্রুত কয়েকটি উইকেট না তুলতে পারলে মাঝের ওভারে চাপ আসে। স্পিনারদেরও চার অনুভূত হয়। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এই জায়গাটিতে উন্নতি প্রত্যাশা করছেন বাবর। সুপার ওভারে তিনটি ওয়াইড-সহ সাত রান দেন মহম্মদ আমির। ১৮ রান তোলে আমেরিকা। তারপরও আমিরের পাশে রয়েছেন বাবর।
প্রস্তুতিতে খামতি বা বিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার কথায় সহমত হন বাবর। রবিবার ভারত-পাক দ্বৈরথের আগে ভুলত্রুটি শুধরে ফেলতে মরিয়া পাকিস্তান। ভারত-পাকিস্তান দ্বৈরথের আরও গুরুত্ব রয়েছে, কারণ পাকিস্তানের হেড কোচ গ্যারি কার্স্টেন ভারতকে ২০১১ বিশ্বকাপ জিতিয়েছেন। ভারতীয় দল সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে।
টি২০ বিশ্বকাপে ভারতকে মাত্র ১ বারই হারিয়েছিল পাকিস্তান। ২০২১ সালে। তাছাড়া বিশ্বকাপের আসরে বরাবর দাপট রেখেছে ভারত। এবারেও রোহিতরা নামবেন ফেভারিট হিসেবেই। যদিও পুরো পয়েন্ট তোলার ক্ষেত্রে বাধা হতে পারেন বরুণদেব।
নিউ ইয়র্কে রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরুর কথা। সকাল ১১টা থেকেই বৃষ্টি নামার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট। টসের সময় বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৫০ শতাংশ। বেলা ১টায় বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ।
যদিও বিকেল চারটে পর্যন্ত ৪০ শতাংশ অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, নিউ ইয়র্কে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৪২ শতাংশ। তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৮ শতাংশ। যেহেতু দিনে সময় তাই অনেকটা সময় পাওয়া যাবে। মনে করা হচ্ছে, বৃষ্টিতে টস দেরিতে হলেও পুরো খেলা হতে সমস্যা হওয়ার কথা নয়। সবটাই নির্ভর করবে বৃষ্টির উপর এবং কত দ্রুত মাঠ খেলার উপযুক্ত করা যায় তার উপর। কেন না, এই পর্যায়ে কোনও দলই ঝুঁকি নিতে চাইবে না।












Click it and Unblock the Notifications