T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের, টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন কারা?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেল ভারত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মারা হারালেন বাংলাদেশকে।
বিরাট কোহলি এদিনের ম্যাচে খেলেননি। তিনে নেমে অর্ধশতরান হাঁকালেন ঋষভ পন্থ। বল হাতে সফলতম অর্শদীপ সিং।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মেন ইন ব্লু। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ১৮২ রান। যশস্বী জয়সওয়ালকেও আজ নামানো হয়নি। রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন সঞ্জু স্যামসন। যদিও ৬ বলে ১ রানের বেশি করতে পারেননি তিনি, দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তিনি শরিফুল ইসলামের বলে লেগ বিফোর হন।
রোহিত ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৯ বলে ২৩ রান করে মাহমুদুল্লাহর শিকার। ঋষভ পন্থ আইপিএলের ভালো ফর্ম অব্যাহত রেখে চারটি করে চার ও ছয় হাঁকিয়ে ৩২ বলে ৫৩ রান করেন। তিনি আউট হননি, সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে মাঠ ছাড়েন স্বেচ্ছায়।
সূর্যকুমার যাদব ১৮ বলে ৩১ ও শিবম দুবে ১৬ বলে ১৪ রান করলেন। হার্দিক পাণ্ডিয়া ২টি চার ও চারটি ছয়ের সৌজন্যে ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাদেজা নট আউট থেকে যান ৬ বলে ৪ রানে। মাহেদি হাসান, মাহমুদুল্লাহ, শরিফুল ও তনভির ইসলাম নেন ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান তোলে। ২৮ বলে সর্বাধিক ৪০ রান মাহমুদুল্লাহর। শাকিব আল হাসান ৩৪ বলে ২৮, ওপেনার তানজিদ হাসান ১৮ বলে ১৭ ও তৌহিদ হৃদয় ১৪ বলে ১৩ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
সৌম্য সরকার ০, লিটন দাস ৬, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ০, রিশাদ হোসেন ৫, জাকের আলি ০ রান করে আউট হন। মাহেদি হাসান ২ ও তানজিম হাসান সাকিব ০ রানে অপরাজিত থাকেন। ভারতের ৮ জন বোলার আজ বোলিং করেছেন। অর্শদীপ সিং ও শিবম দুবে নেন ২টি করে উইকেট।
অর্শদীপ তিন ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট নেন। আইপিএলে বোলিং করেননি শিবম দুবে, তিনি ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। জসপ্রীত বুমরাহ ২ ওভারে ১২, মহম্মদ সিরাজ ৩ ওভারে ১৭, হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩০ ও অক্ষর প্যাটেল ২ ওভারে ১০ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন। কুলদীপ যাদব ২ ওভারে ১৫, রবীন্দ্র জাদেজা ২ ওভারে ১১ রান দেন, উইকেট পাননি।
স্টেডিয়ামের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি ছিল। সেটা হওয়ায় তৃপ্ত রোহিত। ম্যাচে অর্শদীপ-সহ বোলারদের পারফরম্যান্সের বিশেষভাবে প্রশংসা করেছেন ভারত অধিনায়ক।












Click it and Unblock the Notifications