T20 World Cup 2024: বদলে গেল ভারতের টি২০ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা, রোহিত কতটা আত্মবিশ্বাসী?
T20 World Cup 2024: আইপিএল শেষ হওয়ার আগেই ভারতীয় দলের প্রথম ব্যাচ টি২০ বিশ্বকাপ খেলতে পৌঁছে যাচ্ছে নিউ ইয়র্কে। যদিও সূচিতে কিছু পরিবর্তন হয়েছে।
আগে জানা গিয়েছিল, কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ২১ মে নিউ ইয়র্ক রওনা হবেন। যা আইপিএলের লিগ পর্ব শেষের ২ দিন পর। যদিও তা হচ্ছে না।

ভারতীয় দলের সিংহভাগ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা মার্কিন মুলুকে রওনা দেবেন ২৫ মে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের শেষে। আগামী মঙ্গলবার অর্থাৎ ২১ মে প্রথম কোয়ালিফায়ার, বুধবার এলিমিনেটর, শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার।
আইপিএলের ফাইনাল রবিবার অর্থাৎ ২৬ মে। তার ঠিক আগের দিন ভারতীয় দলের প্রথম ব্যাচ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবে। রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলরা নিশ্চিতভাবেই ওইদিন বিমান ধরবেন।
টি২০ বিশ্বকাপে ভারতের অভিযান শুরু ৫ জুন আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে। তার আগে ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। এই আবহে ক্রিকেটারদের অতিরিক্ত কয়েকটি দিন বাড়িতে কাটানোর সুযোগ দিল বিসিসিআই। বিশ্বকাপ দলে থাকা যাঁরা আইপিএল ফাইনাল খেলবেন, তাঁরা নিউ ইয়র্ক রওনা হবেন ২৭ মে।
জেট ল্যাগের সমস্যা যাতে না থাকে এবং বাংলাদেশ ম্যাচের আগে দিন তিন-চার নেট প্র্যাকটিস করা যায় সেই বিষয়টি মাথায় রেখেই এই সূচি তৈরি হয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মার দাবি, আইপিএল শুরুর আগেই টি২০ বিশ্বকাপের দলে কারা থাকবেন তা একরকম চূড়ান্ত করে ফেলা হয়েছিল।
রোহিত শর্মা বলেন, বিশ্বকাপের দলে থাকা ৭০ শতাংশ ক্রিকেটারই জানতেন ভারতীয় দলে তাঁদের কী ভূমিকা হবে। সেইমতো তাঁরা আইপিএল দলের নেটেই অনুশীলন সেরেছেন, ম্যাচেও সেই ভূমিকা পালনের চেষ্টা করেছেন। ফলে তাঁরা নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে সম্যক দৃষ্টি নিয়েই আইপিএলে নেমেছেন। আইপিএল পারফরম্যান্সে ওঠা-নামা থাকতেই পারে। ফলে তাতে আমরা বিশেষ গুরুত্ব দিইনি। কয়েকজনের দিকে আমরা আইপিএলে নজর রেখেছিলাম।
রোহিত নিজেও আইপিএলের শেষ ম্য়াচে এসে রান পেয়েছেন। যা দেখে খুশি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, রোহিত শর্মা যেভাবে খেলেছেন, শুরুটা ভালো করেছেন, বিশ্বকাপেও সেটাই জরুরি। তাতে লোয়ার অর্ডারের উপর চাপ কম থাকবে। এর ফলে নিয়মিত ২০০ রান পার করাও সম্ভব।












Click it and Unblock the Notifications