T20 World Cup 2024: ভারত পেসার কমাবে ওয়েস্ট ইন্ডিজে! সিরাজের চেয়ে অর্শদীপকে কেন এগিয়ে রাখলেন কুম্বলে?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে। যদিও লডারহিলে সেই ম্যাচটি বৃষ্টির কারণে হওয়া নিয়ে সংশয় রয়েছে।
সুপার এইটের খেলাগুলি হবে ওয়েস্ট ইন্ডিজে। রোহিত শর্মা আগেই ইঙ্গিত দিয়েছিলেন ক্যারিবিয়ানে গিয়ে প্রয়োজনে তিন স্পিনার নিয়ে নামতে পারেন। এখন প্রশ্ন, তাহলে বাদ পড়বেন কে?

অর্শদীপ সিং তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন। গতকাল আমেরিকার বিরুদ্ধে তিনি চার ওভারে ৯ রান দিয়ে নেন চার উইকেট। রোহিত খেলার শেষে সূর্যকুমার যাদব ও শিবম দুবের পার্টনারশিপের গুরুত্বের কথা উল্লেখ করেন। বলেন, এই পিচে খেলা সহজ ছিল না। অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভালো পার্টনারশিপ হয়েছে। অর্শদীপের বোলিংয়েরও প্রশংসা করেন রোহিত।
আমেরিকায় যে কোনও দল জিততে পারতো বলে মনে করেন রোহিত। সুপার এইটে উঠে স্বস্তিবোধ করছেন। তবে এবার ভারতকে ফের কম্বিনেশন নিয়ে চিন্তা করতে হবে। নিউ ইয়র্কের পিচ, কন্ডিশন জোরে বোলারদের জন্য কার্যকরী হলেও ওয়েস্ট ইন্ডিজে তা হবে না। সেখানে কার্যকরী হবেন স্পিনাররা।
অর্শদীপ তিনটি ম্যাচেই বোলিং ওপেন করেছেন। প্রথম দুটি ম্যাচে যেভাবে রান দিয়েছিলেন তাতে নিজেই সন্তুষ্ট নন। দল পাশে থেকেছে, ব্যাটারদের চমকে দেওয়ার মতো বল করতে উদ্বুদ্ধ করেছেন জসপ্রীত বুমরাহ। সিম মুভমেন্ট মিলছিল, ফলে সঠিক লেংথে বল করেই সাফল্য, এই ধারাবাহিকতা বজায় রাখতে চান অর্শদীপ।
ভারতের প্রাক্তন হেড কোচ অনিল কুম্বলে মনে করেন, যদি একাদশে দুই বিশেষজ্ঞ পেসার রাখতে হয় তাহলে মহম্মদ সিরাজকে বাইরে রেখে জসপ্রীত বুমরাহর সঙ্গে খেলানো হোক অর্শদীপ। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও তো থাকছেন। উল্লেখ্য, সিরাজ গতকালের ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন। মেডেল পরিয়ে দেন যুবরাজ সিং।
কুম্বলে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, যেভাবে অর্শদীপ পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভার করেছিলেন এবং তিনি টি২০ ম্যাচের বিভিন্ন সময়ে যেভাবে বোলিং করে থাকেন, তাতে আমি তাঁকে সিরাজের চেয়ে এগিয়ে রাখব। তিনি বাঁহাতি পেসার, ফলে অর্শদীপকে দলে রাখলে ভারতের বোলিংয়ে বৈচিত্র্যও থাকবে।
তিন ম্যাচের পর অর্শদীপের ইকনমি ৬.২৫, স্ট্রাইক রেট ১০.২৮। সিরাজ তিন ম্যাচে একটিই উইকেট পেয়েছেন, স্ট্রাইক রেট ৬৬। গতকালের ম্যাচে সেরার পুরস্কার পাওয়া অর্শদীপ জানিয়েছেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগেই উন্নতি করতে চাই, প্রতি মুহূর্তে শিখছি। যে কোনও রান যোগ করতে পারাই গুরুত্বপূর্ণ। ফলে সেরাটা দিতে হবে। বিক্রম রাঠোরের তত্ত্বাবধানে আমার ব্যাটিংয়ে উন্নতি করারও চেষ্টা করছি।
অর্শদীপ পাকিস্তান ম্যাচে নয়ে নেমে ১৩ বলে ৯ রান করেন। অর্শদীপের কথায়, আমার আগে জসপ্রীত বুমরাহর যাওয়ার কথা ছিল। আমি রোহিত শর্মাকে গিয়ে বলি, নয়ে নামতে চাই, নামবই। আপনারা যা-ই বলুন না কেন। কারণ, আগের ম্য়াচে আমি জোরে বোলারদের সামলেছি। সকলে অবাক হয়ে যান। তবে আমি এখন ব্যাটিং নিয়ে আগের তুলনায় অনেক আত্মবিশ্বাসী। সব সময় নিজের সেরাটাই দেব।












Click it and Unblock the Notifications