Virat Kohli: ফাইনালের সেরা বিরাট কোহলি! টি২০ আন্তর্জাতিকে থামার আগে বিশ্বকাপে রেখে গেলেন ঈর্ষণীয় রেকর্ড
Virat Kohli: টি২০ বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কারটির দখল নিলেন বিরাট কোহলি। এই নিয়ে রেকর্ড সংখ্যক অষ্টমবার টি২০ বিশ্বকাপে ম্যাচের সেরা হলেন তিনি।
বার্বাডোজেই খেললেন কেরিয়ারের শেষ টি২০ আন্তর্জাতিক। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে অবসরের জন্য বিশ্বকাপ জয়ের মঞ্চকেই বেছে নিলেন বিরাট।

টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছিলেন কলম্বোয় আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে ৩৯ বলে ৫০ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। কেরিয়ারের শেষ টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচেও ম্যাচের সেরা হলেন কিং কোহলি।
টি২০ আন্তর্জাতিকে ১২৫ ম্যাচে ১১৭ ইনিংসে ৪১৮৮ রান করে অবসর নিলেন। ১টি শতরান ও ৩৮টি অর্ধশতরান রয়েচে। টি২০ বিশ্বকাপের ৩৫টি ম্যাচের ৩৩ ইনিংসে কোহলির রান ১২৯২, যা সর্বাধিক। ১৫টি অর্ধশতরান রয়েছে টি২০ বিশ্বকাপে।
আজ ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৯ বলে ৭৬ করলেন কোহলি। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, শেষ টি২০ বিশ্বকাপ ছিল আমার কেরিয়ারে। এই কাপটাই জেতা আমাদের লক্ষ্য ছিল। ঈশ্বর সহায় ছিলেন, গুরুত্বপূর্ণ দিনে দলের হয়ে এই রান করতে পেরেছি।
বিরাটের কথায়, শেষ টি২০ আন্তর্জাতিক উপভোগ করতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান করে কাপ হাতে তুলতে চেয়েছি। জোর করে কিছু হয় না। এখন নতুন প্রজন্ম দায়িত্ব নেবে। আমার অবসর ওপেন সিক্রেট। দারুণ ক্রিকেটাররা দলকে এগিয়ে নিয়ে যাবেন। দেশের পতাকাকে উঁচুতে তুলে ধরে।
আবেগাপ্লুত বিরাটের চোখে দেখা যায় আনন্দাশ্রু। রোহিত শর্মাকে জড়িয়ে ধরেন। মাঠে বসেই মোবাইলে ভিডিও কলে কথা বলেন পরিবারের সঙ্গে। টি২০ কেরিয়ারে মন্থরতম অর্ধশতরান করেছিলেন। মাঝের ওভারগুলিতে ২৬ বলে ২৩ রান করেন, কোনও বাউন্ডারি মারতে পারেননি। ভুবনেশ্বর কুমার ছাড়া যে নজির কারও নেই। কিন্তু ওপেনারের ভূমিকায় বিরাটের দায়িত্বশীল ইনিংসই ভারতকে দিয়েছিল লড়াইয়ের পুঁজি। রোহিত শর্মার কথাতেও ছিল বিরাটের প্রতি অগাধ আস্থার কথা, প্রশংসার কথা।
একনজরে দেখে নেওয়া যাক আজ অবধি টি২০ বিশ্বকাপে ফাইনালের সেরা কারা হয়েছেন:
২০০৭ টি২০ বিশ্বকাপ: ফাইনালের সেরা- ইরফান পাঠান (৩/১৬)
২০০৯ টি২০ বিশ্বকাপ: ফাইনালের সেরা- শাহিদ আফ্রিদি (৪০ বলে অপরাজিত ৫৪ ও ১/২০)
২০১২ টি২০ বিশ্বকাপ: ফাইনালের সেরা- মার্লন স্যামুয়েলস (৫৬ বলে ৭৮ ও ১/১৫)
২০১৪ টি২০ বিশ্বকাপ: কুমার সঙ্গকারা (৩৫ বলে অপরাজিত ৫২)
২০১৬ টি২০ বিশ্বকাপ: ফাইনালের সেরা- মার্লন স্যামুয়েলস (৬৬ বলে অপরাজিত ৮৫)
২০২১ টি২০ বিশ্বকাপ: ফাইনালের সেরা- মিচেল মার্শ (৫০ বলে অপরাজিত ৭৭)
২০২২ টি২০ বিশ্বকাপ: ফাইনালের সেরা- স্যাম কারান (৩/১২)
২০২৪ টি২০ বিশ্বকাপ: ফাইনালের সেরা বিরাট কোহলি (৫৯ বলে ৭৬)












Click it and Unblock the Notifications