T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জিতেও বার্বাডোজে আটকে ভারত! হারিকেন-সতর্কবার্তায় প্ল্যান বদলাচ্ছে বিসিসিআই
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল কবে দেশে ফিরবে তা স্পষ্ট নয়। ফাইনালের রিজার্ভ ডে ধরা ছিল আজ। ফলে এমনিতেই রোহিতদের বার্বাডোজে আজ থাকতেই হতো।
কিন্তু খুব বিপজ্জনক হারিকেন আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করেছে বার্বাডোজ সরকার। ফলে পূর্বনির্ধারিত সূচি মেনে ভারতীয় দলের সোমবার বার্বাডোজ ছাড়ার প্ল্যান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

রবিবারের পাশাপাশি সোমবারও ভারতীয় দলকে বার্বাডোজের ব্রিজটাউনে কাটাতে হতে পারে বলে আভাস মিলছে ক্রিকবাজের প্রতিবেদনে। প্রাথমিকভাবে ঠিক ছিল, সোমবার ভারতীয় দল প্রথমে নিউ ইয়র্কের বিমান ধরবে। সেখান থেকে এমিরেটসের বিমানে পৌঁছনোর কথা ছিল মুম্বইয়ে।
কিন্তু বিসিসিআইকে এখন বিকল্প বন্দোবস্ত করতে হচ্ছে। গোটা বিষয়টিই তদারকি করছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআই প্রথমে নিশ্চিত হতে চাইছে, হারিকেনের জন্য যে সতর্কবার্তা জারি হয়েছে তাতে বিমানবন্দর খোলা থাকবে কিনা। যদিও জানা যাচ্ছে, স্থানীয় সময় রবিবার রাত আটটা থেকে বিমানবন্দর বন্ধ থাকবে। বিমান ওঠা-নামা করবে না।
এই অবস্থায় বিসিসিআই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চার্টার বিমানে করে সরাসরি টি২০ বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেশে ফেরানোর পরিকল্পনা করছে। ন্যাশনাল হারিকেন সেন্টারকে উদ্ধৃত করে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ, চলতি বছরের প্রথম হারিকেন বেরিল (Beryl) রবিবার সকালে আটলান্টিক মহাসাগরে তৈরি হয়ে খুব বিপজ্জনক ক্যাটাগরি ৩ পজিশনে রয়েছে। যা বার্বাডোজ ও উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে। প্রবল বেগে হাওয়া দেবে। বড় ধরনের ক্ষয়-ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থাকছে।
জানা গিয়েছে, ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কয়েকজনের পরিবারের সদস্যরা রয়েছেন। সাপোর্ট স্টাফ, বিসিসিআই কর্তাদের সংখ্যা যোগ করলে প্রায় ৭০ জন রয়েছেন বার্বাডোজে। ফলে তাঁদের সকলকে একসঙ্গে ফেরাতে যে ধরনের বড় চার্টার বিমান দরকার তা ক্যারিবিয়ানে নেই। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জোগাড় করার চেষ্টা চলছে।
জানা গিয়েছে, ভারতীয় দলের ক্রিকেটার, তাঁদের পরিবারকে সরাসরি দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সদস্যের সঙ্গে কথাও বলেছেন মোদী।












Click it and Unblock the Notifications