T20 World Cup 2024, Ind vs Pak: মার্কিন মুলুকে মহারণ! ভারত ও পাকিস্তানের একাদশে থাকবেন কারা?
T20 World Cup 2024, Ind vs Pak: টি২০ বিশ্বকাপের ম্যাচে কাল নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। টি২০ বিশ্বকাপের পারস্পরিক দ্বৈরথে ভারত এগিয়ে ৬-১-এ।
এবারের টি২০ বিশ্বকাপে ভারত সহজ জয় দিয়ে অভিযান শুরু করেছে। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা আজ সাংবাদিক বৈঠকে বলেন, ভালো খেলাই মূল। নিউ ইয়র্কের কন্ডিশন নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। সেই মতো পরিকল্পনাও প্রস্তুত। আমরা সেরাটা দিতে বদ্ধপরিকর। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার অনেকেই আছেন। সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
এবারের টি২০ বিশ্বকাপে একাধিক অঘটন ঘটলেও বিচলিত নন রোহিত। ভারত অধিনায়কের কথায়, টি২০-র বিশেষত্ব হলো যা কিছু ঘটতে পারে। আগের টি২০ বিশ্বকাপেও পাকিস্তান হেরেছিল জিম্বাবোয়ের কাছে। তবে সেই পাকিস্তান ফাইনালও খেলেছিল। আগের ম্যাচে পাকিস্তান হেরেছে মানে এটা নয় যে তারা আবার খারাপ খেলে হারবে। নিজেদের ভুলত্রুটি নিশ্চিতভাবেই তারা বিশ্লেষণ করেছে।
নিউ ইয়র্কের কন্ডিশন অনুয়ায়ী দুই দলই একই জায়গা থেকে শুরু করবে বলে উপলব্ধি রোহিতের। রোহিত বলেন, আমরা এখানে ৬-৭ দিন ধরে রয়েছি। এটা আমাদের হোম গ্রাউন্ড নয়। ফলে যারা ভালো খেলবে তারা জিতবে। নিউ ইয়র্কে কে আগে বা পরে এলো, সেটা কোনও বিষয় নয়। উইকেট কেমন হবে তা নিয়েও সন্দিহান রোহিত।
রোহিত জানান, ভারতীয় দলে আত্মতুষ্টির জায়গা নেই। তাঁরা সকলেই আত্মবিশ্বাসী। যে কোনও দল জিততে পারে যে কোনও দিন। তাই রিল্যাক্স থাকার অবকাশ নেই। কয়েকটি ভালো ক্যাচ ম্যাচের রং বদলে দিতে পারে। বিরাট কোহলি প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তাকে গুরুত্ব দিচ্ছেন না রোহিত। একাদশে আট দক্ষ ব্যাটার নিয়েই নামতে চান।
ভারত কালকের ম্যাচে অক্ষর প্যাটেলের জায়গায় কুলদীপ যাদবকে খেলাতে পারে। পাকিস্তানের পক্ষে ভালো খবর, অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ফিট বলে জানিয়েছেন হেড কোচ গ্যারি কার্স্টেন। তিনি আজম খানের স্থলাভিষিক্ত হবেন। শাদাহ খানের জায়গায় সইম আয়ুবকে খেলাতে পারে চাপে থাকা পাকিস্তান।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শাদাব খান বা সইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মহম্মদ অমির, হ্যারিস রউফ।












Click it and Unblock the Notifications