T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ছক্কার রেকর্ড গড়ল ভারত, চার ব্যাটারের স্ট্রাইক রেট অন্তত দেড়শো
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ৫ উইকেটে ১৯৬ রান তুলেছে। ফলে অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রেকর্ড রান তাড়া করতে হচ্ছে টাইগারদের।
ভারত এদিন টস হেরে ব্যাট করতে নেমেছিল। টি২০ বিশ্বকাপে এদিন ভারতীয় দল তাদের ছক্কার নজির উন্নত করল। হার্দিক বাদে কোনও ব্যাটার হাফ সেঞ্চুরি না করলেও চারজন ব্যাটারের স্ট্রাইক রেট দুশোর কাছাকাছি রান তুলতে সহায়তা করেছে।

হার্দিক পাণ্ডিয়া অপরাজিত অর্ধশতরান হাঁকানোর পর বলেন, উইকেট ভালো। পার স্কোর ১৮০ হতেই পারে। সেখানে আমরা ১৯৬ তুলেছি। যা যথেষ্ট ভালো স্কোর। বোলিংয়ে ধারাবাহিকতা ও শৃঙ্খলা দেখাতে পারলে আমরাই জিতব। শিবম দুবের পাশেও দাঁড়িয়েছেন হার্দিক।
হার্দিকের কথায়, শিবম নামার আগেই আমরা দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছি। ফলে প্রথমদিকে দুবে কিছুটা সময় নিলেও পরে ভালো ব্যাটিং করেছেন। স্পিনারদের বিরুদ্ধে বড় শট নেওয়া তাঁর প্রধান শক্তি। ফলে যখনই মারার সুযোগ পেয়েছি, আমরা চালিয়ে খেলেছি। তবে উইকেট পরের দিকে কিছুটা মন্থর হয়েছে বলে দাবি হার্দিকের।
টি২০ বিশ্বকাপে এর আগে ভারত কোনও ইনিংসে ১৩টি ছক্কা মারতে পারেনি। আজ সেই নজির গড়ল রোহিত শর্মার দল। বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে তিনটি করে ছয় মেরেছেন। ঋষভ পন্থ মেরেছেন ২টি। একটি করে ছয় রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের। এর আগে, ২০০৭ সালে ভারত ১১টি ছয় মেরেছিল ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে, যার মধ্যে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা মারেন যুবরাজ সিং।
ভারতের সাত ব্যাটারের চারজনেরই স্ট্রাইক রেট এদিন ছিল অন্তত দেড়শো। রোহিত শর্মা ১১ বলে ২৩ করেন, স্ট্রাইক রেট ২০৯.০৯। সূর্যকুমার যাদব করে ২ বলে ৬, স্ট্রাইক রেট ৩০০। ঋষভ পন্থ করেন ২৪ বলে ৩৬, স্ট্রাইক রেট দেড়শো। হার্দিক করেন ২৭ বলে অপরাজিত ৫০, স্ট্রাইক রেট ১৮৫.১৮।
বিরাট কোহলি ২৮ বলে ৩৭ রান করেছেন, তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩২.১৪। ১৪১.৬৬ স্ট্রাইক রেটে ২৪ বলে ৩৪ করেন শিবম দুবে। এদিকে, টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের যে রেকর্ড বাবর আজমের দখলে রয়েছে তার কাছাকাছি পৌঁছে গেলেন বিরাট কোহলি।
বাবর ১২৩ ম্যাচে ১১৬ ইনিংসে ৪,১৪৫ রান করেছেন। বিরাট ১২২তম ম্যাচে ১১৪তম ইনিংসের পর দাঁড়িয়ে ৪,১০৩ রানে। রোহিত শর্মা রয়েছেন তিনে। ১৫৬টি ম্যাচে ১৪৮ ইনিংসে রোহিতের রান ৪,০৭৩।












Click it and Unblock the Notifications