T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের যাবতীয় তথ্য রাখুন হাতের মুঠোয়, চ্যাম্পিয়ন কোন দেশগুলি?
T20 World Cup 2024: ভারতীয় দলের বেশিরভাগ সদস্যই টি২০ বিশ্বকাপ খেলতে পৌঁছে গিয়েছেন নিউ ইয়র্ক। গতকাল রওনা দিয়েছেন যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, যশস্বী জয়সওয়ালরা।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দল অভিযান শুরু করবে ৫ জুন। তবে তার আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক টি২০ বিশ্বকাপ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়।

টি২০ বিশ্বকাপ নিউ ইয়র্কের স্থানীয় সময় ১ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। যা ভারতীয় সময় অনুসারে ২ জুন সকাল ৬টা। উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। টি২০ বিশ্বকাপ চলবে ২৯ জুন অবধি। উদ্বোধনী ম্যাচ ডালাসের গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামে, ফাইনাল বার্বাডোজের ব্রিজটাউনে।
টি২০ বিশ্বকাপ এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে এই প্রথম বিশ্বকাপ হচ্ছে, ফলে এই প্রথম ক্রিকেটের কোনও বিশ্বকাপ খেলছে আমেরিকা। ২০১০ সালের পর এই প্রথম পুরুষদের টি২০ বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ হয়েছিল। দু-বার মহিলা বিশ্বকাপও হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ডালাস ও ব্রিজটাউনের পাশাপাশি টি২০ বিশ্বকাপের খেলাগুলি হবে প্রভিডেন্স, নিউ ইয়র্ক, লডারহিল, নর্থ সাউন্ড, গ্রস আইলেট, কিংসটাউন ও টারৌবায়।
এই প্রথম টি২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দেশ। আয়োজক দুই দেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। এই দলগুলি ২০২২ সালের টি২০ বিশ্বকাপে প্রথম আটে ছিল। টি২০ আন্তর্জাতিকের দলগত ক্রমতালিকা অনুযায়ী জায়গা পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।
ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে টি২০ বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আমেরিকার কোয়ালিফায়ার থেকে সুযোগ পেয়েছে কানাডা। এশিয়া কোয়ালিফায়ার থেকে নেপাল ও ওমান, আফ্রিকার কোয়ালিফায়ার থেকে নামিবিয়া ও উগান্ডা এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে টি২০ বিশ্বকাপে এসেছে পাপুয়া নিউ গিনি।
২০টি দলকে চারটি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে কানাডা, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান ও আমেরিকা। গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড। গ্রুপ সি-তে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, উগান্ডা ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ডি-তে বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা ২টি করে দল যাবে সুপার এইটে। আটটি দল থাকবে দুটি গ্রুপে। দুই গ্রুপের সেরা দুটি করে দল যাবে সেমিফাইনালে। যদি কোনও ম্যাচ টাই হয় তাহলে জয়ী নির্ধারিত হবে সুপার ওভারে। প্রথম সুপার ওভার টাই হলে ফের সুপার ওভার চলবে, যতক্ষণ না ফয়সালা হয়।
গ্রুপ পর্ব ও সুপার এইটে জয়-পরাজয় নির্ধারিত হওয়ার ক্ষেত্রে দুটি দলকে অন্তত ৫ ওভার ব্যাট করতে হবে। সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে সেটি ১০ ওভার ধার্য হয়েছে। প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য অতিরিক্ত ১৯০ মিনিট বরাদ্দ রয়েছে, সেই সঙ্গে রয়েছে রিজার্ভ ডে।
দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ ডে নেই। ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত ২৫০ মিনিট বরাদ্দ রয়েছে। ক্রীড়াসূচি এমনভাবে তৈরি হয়েছে যাতে ভারত শেষ চারে গেলে রোহিতদের খেলা পড়বে দ্বিতীয় সেমিফাইনাল।
২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০০৯-এ পাকিস্তান, ২০১০ ও ২০২২ সালে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপ জেতে ২০১২ ও ২০১৬ সালে। ২০১৪ সালে শ্রীলঙ্কা ও ২০২১ সালে অস্ট্রেলিয়া জিতেছিল টি২০ বিশ্বকাপ।












Click it and Unblock the Notifications