T20 World Cup 2024: ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা নেই গাভাসকরের, খোলসা করলেন কার্যকরী বোলিং কম্বিনেশন
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ শুরু হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। তার আগে আজ ভারতীয় সময় রাত ৮টায় বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত।
নিউ ইয়র্কে এই প্রথমবার খেলবে মেন ইন ব্লু। প্রথম তিনটি ম্যাচই নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফ্লোরিডার লডারহিলে, সেখানে অবশ্য আগেও খেলেছেন ভারত।

সুপার এইটের খেলাগুলি হবে ওয়েস্ট ইন্ডিজে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের কোন কম্বিনেশনে নামা উচিত তা নিয়ে চলছে চর্চা। উল্লেখ্য, মার্কিন মুলুকে ভারতের ম্যাচগুলি রয়েছে স্থানীয় সময় সকালে। ১৫ জনের দলে চার স্পিনারের উপস্থিতি নিয়ে অনেকে প্রশ্ন তুললেও সেটিই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বলে মনে করা হচ্ছে।
প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের ভারতীয় দলের ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তা নেই। তাঁর কথায়, ভারতের এবারের দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের ভালোই মিশেল রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহর সঙ্গে রয়েছেন যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, শিবম দুবের মতো ক্রিকেটার।
গাভাসকর বলেছেন, এই দলে অনেক ব্যাটারই রয়েছেন যাঁরা তিন ফরম্যাটেই ভালো খেলার বিষয়ে পারদর্শী। তাঁদের টি২০ অভিজ্ঞতাও রয়েছে ভালোই। অর্থাৎ ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ ক্রিকেটের সমস্ত ফরম্যাটের পক্ষেই উপযুক্ত। তবে বোলিং আক্রমণে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন সানি।
গাভাসকরের কথায়, ওয়েস্ট ইন্ডিজের পিচের চরিত্র অনুযায়ী বোলিং আক্রমণে ভারসাম্য রাখতেই হবে। ফলে তিন স্পিনার, দুই ফাস্ট বোলার নিয়ে নামতে হবে। হার্দিক পাণ্ডিয়াকে ব্যাক-আপ পেসার হিসেবে রাখা যেতে পারে। তাতেই ভারতীয় একাদশে ভারসাম্য থাকবে বলে ধারণা গাভাসকরের। তিনি আরও বলেন, ক্যারিবিয়ান পিচ আর আগের মতো শক্ত নেই। স্পিনাররা সাফল্য পাচ্ছেন। ব্যাটিংয়ের পক্ষে সহায়ক পিচ। ফলে ব্যাটে-বলে দ্বৈরথ ভালোই হবে বলে প্রত্যাশা। সবমিলিয়ে আসন্ন টি২০ বিশ্বকাপ উপভোগ্য হবে বলেই ধারণা সানির।












Click it and Unblock the Notifications