T20 World Cup 2024: ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালে কি হারিকেন আছড়ে পড়বে বার্বাডোজে? কেমন থাকবে আবহাওয়া?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনালে আজ বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ। টস হতে দুই ঘণ্টাও বাকি নেই।
চলতি টি২০ বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে আবহাওয়া। আজকের ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও স্বস্তি একটাই, ফাইনালে রিজার্ভ ডে রয়েছে।

টি২০ বিশ্বকাপের ধারাভাষ্যকার থেকে শুরু করে সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, ফাইনালের দিন সকালে কিন্তু বার্বাডোজে মেঘমুক্ত আকাশই রয়েছে। গতকাল রাতে হাল্কা বৃষ্টি হয়েছিল। ফলে ফাইনালের ফয়সালা আজই হওয়া নিয়ে সংশয় থাকার কথা নয়।
গত কয়েকদিনে বার্বাডোজে আবহাওয়ারও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ভারত বার্বাডোজে এবারের টি২০ বিশ্বকাপে একটি ম্যাচই খেলেছে। হারিয়েছিল আফগানিস্তানকে। ভারতের মতো চলতি টি২০ বিশ্বকাপে অপরাজেয় দক্ষিণ আফ্রিকা। তারা এই স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ফাইনালেই।
আবহাওয়ার গতিপ্রকৃতির উপর নির্ভর করবে দুই দলের রণকৌশল। বিশেষজ্ঞরা মনে করছেন, টস জেতা দল প্রথমে ব্যাটিং করে নিতে চাইবে। আজকের খেলা ভারতীয় সময় রাত ৮টায় শুরু, ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু।
গতকাল সকালে বার্বাডোজে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। স্থানীয় বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হলেও স্টেডিয়ামের দিকে বৃষ্টি হয়নি। অ্যাকুওয়েদার (Accuweather)-এর পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৮টা অবধি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। সকাল ৯টা নাগাদ সেই সম্ভাবনা কমে হবে ৪৭ শতাংশ।
সকাল ১০টা থেকে বার্বাডোজের আকাশে কালো মেঘে ঢাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা তখন আরও কমে হবে ২৯ শতাংশ। গত কয়েক দিন ধরে এই সময় ৭৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। যদিও বেলা ১২টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা বেড়ে ৩৫ শতাংশ হতে পারে।
স্থানীয় সময় বেলা ১টা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না। এরই মধ্যেই শনিবার সকালে বার্বাডোজ আবহাওয়া দফতরের তরফে হারিকেন ও ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করা হয়েছে। তবে তা রবিবারের জন্য।
সবমিলিয়ে ম্য়াচে সাময়িক বৃষ্টি ব্যাঘাত ঘটালেও আজ খেলা শেষ হতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। রিজার্ভ ডে তো আছেই। ফাইনালের দিন ১৯০ মিনিট অতিরিক্ত ধার্য রয়েছে। তবে বৃষ্টি যেহেতু বেশি হবে না বলেই আভাস, তাতে ওই ১৯০ মিনিটেরও খুব বেশি প্রয়োজন পড়বে না।












Click it and Unblock the Notifications