T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনালে টস জিতে ব্যাটিং ভারতের, সতীর্থদের কোন বার্তা রোহিতের?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজের ব্রিজটাউনে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার কোনও দল চ্যাম্পিয়ন হবে অপরাজেয় থেকে।
কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিং নিল ভারত। দুই দলেরই প্রথম একাদশ অপরিবর্তিত।

পিচ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, উইকেটে ঘাস নেই। সেন্ট্রাল পিচ বেশ শক্ত। এই স্টেডিয়ামে পেসাররাই বেশি সফল। ব্যাটারদের ব্যাটে বল আসতে অসুবিধা হবে না। গায়ানার পিচের মতো লো বাউন্সের সমস্যাও থাকবে না। পেস ও বাউন্স স্বাভাবিকই থাকবে। মাঠে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে হাওয়া দিচ্ছে তুলনায় ছোট বাউন্ডারির দিকে। তার ফায়দা তুলতে পারেন পেসাররা।
রোহিত শর্মা সতীর্থদের বার্তা দিয়েছেন, ফাইনালকে ভাবতে হবে একটি সেরা দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচের মতো করেই। নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে শান্ত থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলছে চলতি টি২০ বিশ্বকাপে। আমরাও ভালো খেলেছি। ফলে দুটি কোয়ালিটি টিমের মধ্যেই ফাইনাল হচ্ছে।
সূর্যকুমার যাদব অবশ্য বলেছেন, এই ম্যাচকে অন্য ম্যাচের মতো করে ভাবতে বলাটা সহজ। কিন্তু বাস্তব ততটা সহজ নয়। নিশ্চিতভাবেই চাপ থাকবে। তবে চাপ থাকলেই মজা। যদিও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী সূর্য। মাঠের হাওয়াকে কাজে লাগাতে চান ব্যাটিংয়ের সময়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ভালো পারফরম্যান্সের কথা মাথায় রয়েছে। তবে প্রতিটি ম্যাচেই নতুনভাবে শুরু করতে হয়, বললেন সূর্য।
সূর্য জানান, দলের মধ্যে গতকাল কথা হয়েছে ভালো করে ঘুমিয়ে, তরতাজা ও হাইড্রেটেড হয়ে নামার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলছেন, তিনি টস জিতলে ব্যাটিংই নিতেন। উইকেট শুষ্ক। কখনও কখনও ভালো জায়গায় না থেকেও আমরা ম্যাচ জিতে এসেছি। আদ পারফেক্ট গেম খেলাই লক্ষ্য। আমরা আগে বিশ্বকাপ ফাইনাল খেলিনি। ট্রফি জিততে সেটা আগে নিশ্চিত করা জরুরি। তবে ফাইনালে চাপমুক্ত হয়েই নামছি।
উল্লেখ্য, আজ অবধি ৮টি ফাইনালে টস জেতা দল জিতেছে ৭ বার। টস জিতে প্রথমে ব্যাট করে একবারই হারের সম্মুখীন হতে হয়েছে। আজ কী হবে সেটাই দেখার। ২০০৭ সালে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছিল। সেবার কোনও ম্যাচ খেলেননি পীযূষ চাওলা। আজ ভারত জিতলে চাওলার সেই নজির ছোঁবেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহাল।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ডরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।












Click it and Unblock the Notifications