T20 World Cup 2024: ইংল্যান্ড টি২০ বিশ্বকাপে টিকে জটিল সমীকরণে, নির্ভর করতে হচ্ছে আবহাওয়ার উপরেও
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সুপার এইটে ওঠার লড়াই জমজমাট। নর্থ সাউন্ডে ৮৬ বল বাকি থাকতে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয়ে ছিটকে গিয়েছে নামিবিয়া।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট দখল করে গ্রুপ বি-র শীর্ষে থেকেই শেষ আটে চলে গেল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে, নামিবিয়া ২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ইংল্যান্ড।

জস বাটলারের ইংল্যান্ড এবারের টি২০ বিশ্বকাপ খেলতে নেমেছে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে। যদিও এখনও তারা জয়ের মুখ দেখেনি। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। যদিও সেই ম্যাচে প্রথম ১০ ওভারে স্কটল্যান্ডের ওপেনারদের আউট করতে পারেননি ইংল্যান্ডের বোলাররা।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। যেহেতু স্কটল্যান্ড পাঁচ পয়েন্টে পৌঁছে গিয়েছে ফলে ইংল্যান্ডকে তাদের বাকি দুটি ম্যাচে জিততেই হবে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে স্কটল্যান্ড যেন তাদের শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাস্ত হয়। না হলেই ইন্দ্রপতন! গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে টি২০-র বর্তমান বিশ্বচ্যাম্পিয়রা।
ইংল্যান্ডের ম্যাচ বাকি ওমান (কাল ভারতীয় সময় রাত সাড়ে ১২টা) ও নামিবিয়ার (১৫ জুন) বিরুদ্ধে। দুটি ম্যাচই বাটলাররা চাইবেন বড় ব্যবধানে জিততে। যাতে স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেট সুপার এইটে ওঠার ক্ষেত্রে অন্তরায় হয়ে না দাঁড়ায়। কোন সমীকরণে শেষ আটের ছাড়পত্র মিলবে, তা নিয়ে চলছে নানা হিসেবনিকেশ।
১৫ জুন স্কটল্যান্ডের শেষ ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ অজিরা জিতলে এবং ইংল্যান্ড তাদের বাকি দুটি ম্যাচ জিতলেই গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। স্কটল্যান্ড ওমানের বিরুদ্ধে ৪১ বল বাকি থাকতে জিতেছিল। তাতে নেট রান রেটে উন্নতি হয়েছে, স্কটদের নেট রান রেট এখন ২.১৬৪।
ইংল্যান্ডের নেট রান রেট মাইনাস (-) ১.৮০০। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে স্কটল্যান্ড যদি ২০ রানে হারে, তাহলে নামিবিয়া ও ওমানের বিরুদ্ধে ইংল্যান্ডকে সম্মিলিতভাবে ৯৪ রানের ব্যবধানে জিততে হবে। তাতে টপকানো সম্ভব হবে স্কটল্যান্ডের নেট রান রেট। সেই সঙ্গে ইংল্যান্ডকে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও। কেন না, বাকি দুটির মধ্যে কোনও একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেলেই ছিটকে যাবে ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications