T20 World Cup 2024: খেলা শুরু হতে দেরি, কমল না ওভার! টস জিতল ইংল্যান্ড, প্রথমে ব্যাটিং ভারতের
T20 World Cup 2024: গায়ানায় বৃষ্টি ও তার জেরে আউটফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর হলো টস। প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতল ইংল্য়ান্ড।
ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে। ওভার কমেনি।

দুই দল মাঠে পৌঁছনোর পর আকাশ কালো করে কিছুক্ষণ বৃষ্টি হয় গায়ানায়। প্রভিডেন্স স্টেডিয়ামে নিকাশির বন্দোবস্ত অবশ্য ভালো। সে কারণে রোদ উঠতেই টস হতে দেরি করতে হয়নি। বৃষ্টি থামার পর দুই দলের ফুটবলারদেরই ফুটবল খেলতে দেখা যায়।
হর্ষ ভোগলে পিচ রিপোর্ট দিতে গিয়ে জানান, উইকেট শুষ্ক। কিছু ফাটল থাকলেও পিচ ভাঙার মতো পরিস্থিতি নেই। স্পিনারদের বল নীচু হতে পারে। বল স্কিড করতে পারে। এই উইকেটে স্পিনাররা ফায়দা তুলতে পারেন। পিচের দু-দিকের বাউন্ডারির দৈর্ঘ্যে ফারাক নেই। মাঠের বাউন্ডারি বেশ বড়।
এই দ্বৈরথ শুরুর আগে রোহিত শর্মা ৬ ম্যাচে এবং জস বাটলার ৭ ম্যাচে সমান সংখ্যক ১৯১ রান করেছেন। দুজনেরই স্ট্রাইক রেট ১৫৯.১৬। দুজনেই মোট ১২০টি করে বল খেলেছেন। টি২০ আন্তর্জাতিকে পারস্পরিক দ্বৈরথের নিরিখে ভারত এগিয়ে ১২-১১ ব্যবধানে। টি২০ বিশ্বকাপে দুই দলই জিতেছে ২টি করে ম্যাচ। ভারত চাইবে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ২০২২-এর সেমিফাইনালের বদলা নেওয়ার।
দুই দলের একাদশেই কোনও পরিবর্তন হয়নি। এই স্টেডিয়ামের উইকেটে লো বাউন্স নিয়ে চর্চা চলছেই। তার মধ্যে বৃষ্টির কারণেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানান বাটলার। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বলছেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। রোহিতের উপলব্ধি, পিচ ক্রমেই মন্থর হবে।
রোহিতের সঙ্গে সহমত সুনীল গাভাসকর। কেন না, পরে বৃষ্টি নামলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডের সমীকরণ চলে আসবে। সানির মতে, যেভাবে রোদ উঠেছে তাতে উইকেটে প্রথমদিকে ব্যাট করা সহজ হবে। পরের দিকে পিচ মন্থর হলে তা ভারতেরই সুবিধা করে দেবে।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ড- জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্য়াম কারান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, রিস টপলি।












Click it and Unblock the Notifications