T20 World Cup 2024: ১০১ বল বাকি থাকতে জয়! টি২০ বিশ্বকাপে ইতিহাস ইংল্যান্ডের, তবু অধরা বিশ্বরেকর্ড
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ওমানকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সবচেয়ে বড় কথা জয় এসেছে ১০১ বল বাকি থাকতে। টি২০ বিশ্বকাপের ইতিহাসে বল হাতে রেখে জয়ের নিরিখে এটিই সবচেয়ে বড়।
ওমানকে নেট রান রেটে টেক্কা দিয়ে সুপার এইটে যাওয়ার আশা উজ্জ্বল করল গতবারের চ্যাম্পিয়নরা। যদিও জানেন কি, এত বড় জয় ছিনিয়েও বিশ্বরেকর্ড কেন অধরা থেকে গেল ইংল্যান্ডের।

টি২০ আন্তর্জাতিকে ১০০ বা তার বেশি বল বাকি থাকতে জয়ের নিরিখে ইংল্যান্ডের এই জয় দ্বাদশ। এর আগে ১১ বার শতাধিক বল বাকি থাকতে জয়ের নজির রয়েছে। ২০১৯ সালে লুক্সেমবার্গ ৮ উইকেটে তুরস্ককে হারিয়েছিল ১০১ বল বাকি থাকতে। বেনোনিতে গত বছর ক্যামেরুনকে কেনিয়া ১০ উইকেটে হারায় ১০১ বল বাকি থাকতেই।
২০২২ সালে কেনিয়া ৯ উইকেটে বেনোনিতেই ক্যামেরুনকে হারায় ১০০ বল বাকি থাকতে। ২০২২ সালে ওমান ৯ উইকেটে ফিলিপিন্সকে এবং সিয়েরা লিওন ৮ উইকেটে মালিকে হারিয়েছিল ১০৩ বল হাতে রেখে। ২০১৯ সালে অস্ট্রিয়া ১০ উইকেটে তুরস্ককে হারায় ১০৪ বল বাকি থাকতে।
২০২২ সালের ২০ নভেম্বর কেনিয়া ১০ উইকেটে মালিকে, তার চার দিন পর রোয়ান্ডা ১০ উইকেটে সেই মালিকেই হারায় ১০৫ বল বাকি থাকতে। ২০২৩ সালে মালিকে ১০ উইকেটে কেনিয়া পরাস্ত করেছিল ১০৫ বল হাতে রেখেই। চলতি বছর জাপান ১০ উইকেটে মঙ্গোলিয়াকে হারিয়েছিল ১১২ বল বাকি থাকতেই।
তবে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের নজির রয়েছে স্পেনের। যা ভাঙা দুঃসাধ্য। গত বছর ফেব্রুয়ারিতে স্পেনের বিরুদ্ধে ৮.৪ ওভারে ১০ রানে গুটিয়ে যায় ম্যান আইল্যান্ড। জবাবে খেলতে নেমে ২ বলে জয় ছিনিয়ে নেয় স্পেন। প্রথম বল নো হয়েছিল। পরের দুই বলেই দুই ছক্কা। এই নজির ভাঙা কার্যত দুঃসাধ্য সকলের কাছেই। এই বিষয়টি আরও মনে পড়ল ওমানের বিরুদ্ধে প্রথম ওভারের প্রথম দুই বলেই ফিল সল্ট দুটি ছক্কা হাঁকানোয়।
টি২০ বিশ্বকাপে ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ১০.৩ ওভারে ৩৯ রানে অল আউট করে পঞ্চম ওভারে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা। ৯০ বল বাকি থাকতে জয় এসেছিল। এতদিন বল হাতে রেখে জেতার নিরিখে সেটিই ছিল সবচেয়ে বড় জয়। যে নজির ভেঙে দিল ইংল্যান্ড। ভারত ২০২১ সালের টি২০ বিশ্বকাপে দুবাইয়ে স্কটল্যান্ডে ৮৫ রানে থামিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতেছিল ৮১ বল বাকি থাকতে।












Click it and Unblock the Notifications