T20 World Cup 2024: সল্টের দাপটে সুপার এইটে পরাস্ত ওয়েস্ট ইন্ডিজ, খেতাব দখলে রাখার দিকে এগিয়ে চলেছে ইংল্যান্ড
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে জয় দিয়েই সুপার এইট অভিযান শুরু করল ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল গতবারের চ্যাম্পিয়নরা।
জস বাটলারের দলের সামনে জয়ের জন্য ১৮১ রানের টার্গেট দিয়েছিল ক্যারিবিয়ান ব্রিগেড। ১৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় থ্রি লায়ন্স।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে। ৪.২ ওভারে চোট পেয়ে মাঠ ছা়ড়েন ব্র্যান্ডন কিং (১৩ বলে ২৩ আহত ও অবসৃত), তখন ক্যারিবিয়ানদের রান বিনা উইকেটে ৪০। জনসন চার্লস ৩৪ বলে ৩৮, নিকোলাস পুরান ৩২ বলে ৩৬ ও অধিনায়ক রভম্যান পাওয়েল ১৭ বলে ৩৬ রান করেন।
আন্দ্রে রাসেল ১ রানে আউট হন। শেরফান রাদারফোর্ড ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। রোমারিও শেফার্ড ৭ বলে ৫ রানে অপরাজিত থাকেন। জোফ্রা আর্চার, আদিল রশিদ, মঈন আলি ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ইংল্যান্ড ২ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলে। জস বাটলার ২২ বলে ২৫ ও মঈন আলি ১০ বলে ১৩ রান করেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট ৪৭ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন, তিনি সাতটি চার ও পাঁচটি ছয় মারেন। জনি বেয়ারস্টো অপরাজিত থাকেন ২৬ বলে ৪৮ রানে। রাসেল ও রস্টন চেজ ১টি করে উইকেট পান।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল মনে করছেন, আরও ১৫-২০ রান তোলা উচিত ছিল। বোলিং বিভাগে আরও উন্নতি দরকার। শেষ পাঁচ ওভারে আরও ভালো খেলা যেত বলে উপলব্ধি তাঁর। পরের ম্যাচগুলিতে কিং খেলতে পারবেন বলে আশাবাদী পাওয়েল। সল্টের জন্য যে পরিকল্পনাগুলি ছিল তা খাটেনি। হার পর্যালোচনা করে ঘুরে দাঁড়াতে চাইছেন পাওয়েল।
বেয়ারস্টো-সল্টের পার্টনারশিপের প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। বোলিং বিভাগ নিয়েও সন্তুষ্ট তিনি। ভালোরকমের অনুশীলনের পর সমস্ত পরিকল্পনা ম্যাচে কাজ দিয়েছে বলে মনে করছেন তিনি। জোফ্রা আর্চারের পাশাপাশি রশিদের বোলিংয়ের বিশেষ প্রশংসা করেছেন বাটলার। বেয়ারস্টোকে চারে নামানোর পরিকল্পনাও এই জয়ে ভূমিকা রেখেছে বলে মত তাঁর।
এদিনের জয়ের ফলে সুপার এইটের ১ নম্বর গ্রুপে ইংল্যান্ড শীর্ষস্থান দখল করল। তাদের মতোই দক্ষিণ আফ্রিকা ১ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। তবে প্রোটিয়াদের নেট রান রেট ০.৯০০, ইংল্যান্ডের ১.৩৪৩।












Click it and Unblock the Notifications