T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে নামার অপেক্ষায় আগের সংস্করণের দলে থাকা ৮, সেই স্কোয়াডের কারা বাদ?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল আজ ঘোষণা করা হয়েছে। বুধবার দল বাছাই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর।
দলে খুব বেশি চমক নেই। কিছু অংশে মনে হয়েছে, আইপিএলের পারফরম্যান্স গুরুত্ব পেয়েছে। কিছু ক্ষেত্রে পায়নি। আইপিএলে ভালো খেলা অনেকে না থাকায় সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

রিঙ্কু সিংকে এই দলে নেওয়া হয়নি। তা নিয়ে সরব হয়েছেন অনেকেই। হার্দিক পাণ্ডিয়াও এবারের আইপিএলে ছন্দে নেই। না অধিনায়ক হিসেবে, না ব্যাট কিংবা বল হাতে। সেই হার্দিক কীভাবে সহ অধিনায়ক হয়ে গেলেন সেই প্রশ্নও উঠেছে। তবে সার্বিকভাবে দল গঠনে ভারসাম্যই চোখে পড়েছে।
লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল বাদ পড়েছেন। সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে। সঞ্জুর বেশ বড় ফ্যান-বেস রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা যেমন এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন, তেমনই তাঁর লোকসভা কেন্দ্র থেকে সঞ্জু সুযোগ পাওয়ায় নির্বাচকদের ধন্যবাদ জানান শশী তারুর।
২০২২ সালের টি২০ বিশ্বকাপ দলের যাঁরা এবারের দলেও জায়গা করে নিয়েছেন তাঁরা হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং। উল্লেখ্য, বিরাট আগের টি২০ বিশ্বকাপের পর এই প্রথম টি২০ আন্তর্জাতিক খেলবেন।
২০২২ সালের দলের যাঁরা এবারের দলে ঠাঁই পাননি তাঁরা হলেন- লোকেশ রাহুল (তিনি সহ অধিনায়ক ছিলেন), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও হর্ষল প্যাটেল। শামি এবার নেই চোটের কারণে। ২০২২ সালের দলে প্রথমে বুমরাহর নাম ছিল, পরে ছিটকে যেতে শামি ডাক পান।
এবারের টি২০ বিশ্বকাপ দলে থাকা যাঁরা আগের টি২০ বিশ্বকাপে ছিলেন না তাঁরা হলেন- যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications