T20 World Cup 2024: অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টপকে শীর্ষে স্কটল্যান্ড! আয়ারল্যান্ডকে ছিটকে ইতিহাস কানাডার
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ থেকে আয়ারল্যান্ডের কার্যত ছুটি করে দিল কানাডা। টি২০ বিশ্বকাপে ছিনিয়ে নিল প্রথম জয়। ১৩৭ রানের পুঁজি নিয়ে জয় ১২ রানে।
চলতি টি২০ বিশ্বকাপে টানা ২টি ম্যাচে হেরে পয়েন্ট তালিকার নীচেই রইল আয়ারল্যান্ড। পরের পর্বে যাওয়ার সম্ভাবনাও আর কার্যত নেই, আইরিশদের ম্যাচ বাকি আমেরিকা ও পাকিস্তানের বিরুদ্ধে।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল আয়ারল্যান্ড। ৮.১ ওভারে ৫৩ রানে চার উইকেট হারানোর পরেও ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ অবধি পৌঁছয় এই প্রথম টি২০ বিশ্বকাপ খেলতে নামা সাদ বিন জাফরের নেতৃত্বাধীন কানাডা।
নিকোলাস কর্টন ৩৫ বলে ৪৯ ও শ্রেয়স মোভ্ভা ৩৭ রান করেন। আয়ারল্যান্ডের ক্রেগ ইয়ং ও ব্যারি ম্যাককার্থি নেন ২টি করে উইকেট। জবাবে খেলতে নেমে ২৬ রানে প্রথম উইকেট পড়ে আয়ারল্যান্ডের। সেখান থেকে ১২.৩ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৫৯। শেষ অবধি ৭ উইকেটে ১২৫ রানের বেশি যেতে পারেনি আইরিশরা।
জর্জ ডকরেল ২৩ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। মার্ক অ্যাডের করেন ২৪ বলে ৩৪। জেরেমি গর্ডন ও ডিলন হেইলিগার নেন ২টি করে উইকেট। জুনেইদ সিদ্দিকী ও সাদ বিন জাফর পেয়েছেন ১টি করে উইকেট। গ্রুপ এ-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অমেরিকা। ভারত ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। ২ ম্য়াচে ২ পয়েন্ট নিয়ে তিনে কানাডা।
এর আগে, 'বি' গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে পিছনে ফেলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানের দখল নিয়েছে স্কটল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে তারা দাপট নিয়েই শুরু করেছিল। কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল ম্যাচটি। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিং নেয় নামিবিয়া।
অধিনায়ক জেরার্ড এরাসমাসের ৩১ বলে ৫২ রানের সৌজন্যে নামিবিয়া ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। ব্র্যাড হুইল তিনটি ও ব্র্যাড কিউরি নেন ২টি উইকেট। জবাবে ১৮.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রিচি বেরিংটন। ১৭ বলে ৩৫ মাইকেল লিস্কের। এরাসমাস নেন ২ উইকেট। ২ ম্যাচে ৩ পয়েন্ট স্কটল্যান্ডের। ২ ম্যাচে ২ পয়েন্টেই দাঁড়িয়ে নামিবিয়া।












Click it and Unblock the Notifications