T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে প্রথম হারের সঙ্গে উদ্বেগ বাড়ল ওয়েস্ট ইন্ডিজের, ছিটকে যাবেন কিং?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে রেকর্ড তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছে অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা হয়েছিল ভালোই, হোঁচট খেল আজ।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছেই প্রথম পরাজয়ের সম্মুখীন হলো রভম্যান পাওয়েলের দল। তবে তার সঙ্গেই উদ্বেগ বাড়ল ব্র্যান্ডন কিংকে নিয়ে।

চলতি বিশ্বকাপ থেকেই কিং ছিটকে যাবেন, এমন আশঙ্কাই তৈরি হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৩ বলে ২৩ করার পরেই যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় তাঁকে মাঠ ছাড়তে হয়। ওয়েস্ট ইন্ডিজ তখন ৪.২ ওভারে বিনা উইকেটে ৪০।
চিকিৎসক, ফিজিওরা মাঠে গিয়ে কিংয়ের শুশ্রূষা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। মাঠ ছাড়তে বাধ্য হন ক্যারিবিয়ান ওপেনার। এদিনের ইনিংসের খেলার ফাঁকে রিস টপলির বলে ১০১ মিটারের বিশাল ছক্কাও হাঁকান, হারিয়ে যায় বল। ম্য়াচ হারার পর অধিনায়ক রভম্যান পাওয়েল বলেছিলেন, ১৫-২০ রান বেশি তুললে ভালো হতে। উল্লেখ্য, কিং যা ছন্দে ছিলেন তাতে ওয়েস্ট ইন্ডিজ দুশোর উপর রান তুলতেই পারতো।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, কিংয়ের কুঁচকিতে চোট লেগেছে। যদিও পরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, সাইড স্ট্রেনের সমস্যা দেখা দিয়েছে। পাওয়েল অবশ্য বিশ্বকাপের বাকি ম্যাচে দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে পাওয়ার আশা ছাড়ছেন না। যদিও সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
স্যাম কারানকে কভার অঞ্চল দিয়ে মারতে কিছুটা এগিয়ে এসেছিলেন। নিজের ত্রয়োদশ বলটি ফেস করতে গিয়েই বিপত্তি। যন্ত্রণায় কাতর হয়ে মাঠের মধ্যেই বসে পড়েন। তিনি ব্যাট করার দূরের কথা, ফিল্ডিং করতেও পারেননি। তাঁর জায়গায় ফিল্ডিং করতে নামেন শিমরন হেটমায়ার।
সাইড স্ট্রেন পুরোপুরিভাবে সারতে কয়েক সপ্তাহ লাগে। ভারতীয় সময় অনুসারে, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ক্যারিবিয়ান বাহিনীর। টি২০ বিশ্বকাপের ফাইনাল আর ১০ দিন দূরে। ফলে টি২০ বিশ্বকাপ থেকেই কিংয়ের ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর ছিটকে যাওয়া দলের কাছে উদ্বেগের, মেনে নিয়েছেন পাওয়েলও।
চলতি বিশ্বকাপে কিংয়ের সর্বাধিক রান ৩৪। তবে যে কোনও দিন তিনি ম্যাচের রং বদলে দিতে পারেন। পাওয়েল যখন আইপিএল খেলছিলেন, তখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দেন। ফলে তাঁর মতো সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ফারাক গড়ে দিতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভে রয়েছেন ৫ ক্রিকেটার- আন্দ্রে ফ্লেচার, কাইল মেয়ার্স, ফ্যাবিয়ান অ্যালেন, হেডেন ওয়ালশ জুনিয়র ও ম্যাথু ফোর্ড। কিং ছিটকে গেলে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন মেয়ার্স। এমনকী দৌড়ে থাকবেন ফ্লেচারও।












Click it and Unblock the Notifications