T20 World Cup 2024: নাটক আর টালবাহানা শেষে টি২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, আছেন জোড়া আফ্রিদি
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা শেষ হচ্ছে কাল। প্রাথমিক দল ঘোষণার পথে না হেঁটে, এদিনই চূড়ান্ত দল ঘোষণা করল পাকিস্তান।
অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণেই দল গঠন হয়েছে। অন্তত পাঁচজন ক্রিকেটার এই প্রথম টি২০ বিশ্বকাপ দলে ঠাঁই পেলেন। নেতৃত্ব দেবেন বাবর আজম।

পাকিস্তান টি২০ বিশ্বকাপ অভিযানে যাচ্ছে পাঁচ বিশেষজ্ঞ পেসার নিয়ে। দলে রয়েছেন একজন লেগস্পিনার আব্রার আহমেদ। টি২০ বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরে আসা বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমও সুযোগ পেয়েছেন। হাসান আলি, আঘা সলমন ও ইরফান খানের জায়গা হয়নি দলে।
শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মহম্মদ রিজওয়ান, ফখর জামানের মতো চেনা মুখরা যেমন বিশ্বকাপের দলে রয়েছেন, তেমনই প্রথমবার টি২০ বিশ্বকাপ দলে ডাক পেলেন সাইম আয়ুব, আব্রার আহমেদ, উসমান খান, আজম খান, আব্বাস আফ্রিদি। কোনও রিজার্ভ ক্রিকেটারকে রাখা হয়নি দলে।
ইমাদ ওয়াসিম ২০২১-এর টি২০ বিশ্বকাপ খেলেছিলেন, মহম্মদ আমির খেলেছিলেন ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে। পাকিস্তানের দল ঘোষণা কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে যায় পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভির নির্দেশের কারণে। দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
নাকভির কোনও ক্রিকেটারকে নিয়ে আপত্তি ছিল না। তবে তিনি জানতে পারেন, দল বেছে নেওয়ার ক্ষেত্রে কোনও বৈঠক করেননি নির্বাচকরা। নির্বাচকরা নিজেদের মধ্যে আলোচনা না করা অবধি দল ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দেন পিসিবি চেয়ারম্যান। অবশেষে রাতে সেই দল ঘোষণা করা হয়েছে।
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের হেড কোচের ভূমিকায় দেখা যাবে ভারতকে ২০১১ সালের বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন। সহকারী কোচ আজহার মাহমুদ, ফিল্ডিং কোচ সাইমন হেলমট, মেন্টাল পারফরম্যান্স কোচ ডেভিড রিড, হাই পারফরম্যান্স কোচ হিসেবে থাকছেন আফতাব খান। দলের সিনিয়র ম্য়ানেজার হিসেবে যাবেন ওয়াহাব রিয়াজ, টিম ম্যানেজার মনসুর রানা।
দলের ভারসাম্য দেখে ভালো ফলের বিষয়ে আশাবাদী পিসিবি। হ্যারিস রউফ নেটে বোলিং করেছেন। ফলে তাঁর খেলতে অসুবিধা হবে না বলেই আশা করা হচ্ছে। টি২০ বিশ্বকাপে ভারতের গ্রুপেই রয়েছে পাকিস্তান। ৯ জুন ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে।
টি২০ বিশ্বকাপে পাকিস্তান দল- বাবর আজম (অধিনায়ক), সাইম আয়ুব, মহম্মদ রিজওয়ান, আজম খান, সাদাব খান, ফখর জামান, উসমান খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্রার আহমেদ, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।












Click it and Unblock the Notifications