T20 World Cup 2024: সুপার এইটে মহারণ! অস্ট্রেলিয়া টস জিতল, প্রথমে ব্যাটিং ভারতের, দলে কারা?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ভারতের সামনে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ওঠা নিশ্চিত করতে অজিরা এই ম্যাচ জিততে মরিয়া।
ভারতের নেট রান রেট ভালো থাকায় এবং রোহিত শর্মার দল যে ছন্দে রয়েছে তাতে সেমিফাইনালের টিকিট কনফার্ম হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া।

টি২০ বিশ্বকাপে পারস্পরিক পাঁচটি দ্বৈরথে ভারত জিতেছে তিনটিতে। অস্ট্রেলিয়ার জয় ২ বার। ২০১২ সালের টি২০ বিশ্বকাপে শেষবার ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। ২০১৪ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ভারত যথাক্রমে ৭৩ রান ও ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ভারত ১৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ২০১০ সালের টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৪৯ রানে হারায় ভারতকে। ২০১২ সালের টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অজিদের জয় ৯ উইকেটে।
ওয়েস্ট ইন্ডিজে এর আগে ২০১০ সালে টি২০ বিশ্বকাপ হয়েছিল। সেবার ব্রিজটাউনকে ভারতকে ৪৯ রানে হারিয়েছিল অজিরা। টি২০ আন্তর্জাতিকে পারস্পরিক দ্বৈরথে ভারতের জয় ১৯টিতে, অস্ট্রেলিয়ার ১১টিতে। আফগানিস্তানের কাছে হারায় অস্ট্রেলিয়ার শেষ চারে ওঠার পরিকল্পনা কিছুটা হোঁচট খেয়েছে।
অস্ট্রেলিয়া দলে একটিই পরিবর্তন হয়েছে। অ্যাশটন অ্যাগারের জায়গায় দলে এলেন মিচেল স্টার্ক। পিচ আগের ম্যাচের তুলনায় ভালো বলেই দাবি অজি অধিনায়ক মিচেল স্টার্কের। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আগেও অস্ট্রেলিয়া যে ঘুরে দাঁড়িয়েছিল, সেই ঘটনা থেকেই চাপ কাটানোর আত্মবিশ্বাসের রসদ খুঁজছে অজিরা।
রোহিত শর্মা জানালেন, তিনিও টস জিতলে বোলিং করতেন। তবে উইকেটের চরিত্রগত খুব ফারাক হবে না বলে আত্নবিশ্বাসী। এবারের টি২০ বিশ্বকাপে বিভিন্ন পরিস্থিতি থেকে দল যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে তাতে সন্তুষ্ট ভারত অধিনায়ক। পরিস্থিতির সঙ্গে দল দারুণভাবে মানিয়ে নিয়েছে। ভারতীয় দলে আজও কোনও পরিবর্তন হয়নি। বিরাট কোহলি ও রোহিত শর্মার সামনে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান করার হাতছানি রয়েছে।
ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার একাদশ- ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications