T20 World Cup 2024: ফারুকিকে টপকে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ অর্শদীপের, গুরবাজকে পিছনে ফেলার দৌড়ে কারা?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল আফগানিস্তান। এখনও অবধি চলতি টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ও সর্বাধিক উইকেট দখলের নজির দুই আফগানেরই।
নয়া বিশ্বরেকর্ড গড়ে সর্বাধিক উইকেটশিকারী ফজলহক ফারুকি। এই রেকর্ডটি নিজের দখলে নেওয়ার বড় সুযোগ পাবেন অর্শদীপ সিং। কঠিন হলেও সর্বাধিক রান সংগ্রহকারী রহমানুল্লাহ গুরবাজকে টপকানোও সম্ভব।

২০২১ সালের টি২০ বিশ্বকাপে ১৬ উইকেট নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। শ্রীলঙ্কার স্পিনারের আগে টি২০ বিশ্বকাপের কোনও সংস্করণে এতগুলি উইকেট কেউ নিতে পারেননি। আজ সেই নজির ভেঙে দিলেন আফগানিস্তানের ফজলহক ফারুকি।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার একটি উইকেটই ফেলেছে আফগানিস্তান। ফারুকি ফেরান কুইন্টন ডি কককে। এটি চলতি বিশ্বকাপে তাঁর ১৭তম উইকেট। তার মধ্যে আবার পাওয়ারপ্লে-তেই ১০ উইকেট নিয়েছেন ফারুকি। সেই নিরিখে ২০১০ সালে গড়া ডার্ক ন্যানেসের নজির এদিন ছুঁলেন তিনি।
চলতি টি২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার প্রথম পাঁচে তিন আফগান। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে শীর্ষে ফারুকি। ৮ ম্যাচে ১৪ উইকেট আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। নবীন উল হক নিয়েছেন ৮ ম্যাচে ১৩ উইকেট।
ফারুকির রেকর্ড ভাঙতে অর্শদীপ সিংয়ের দরকার তিন উইকেট। দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়ার প্রয়োজন ৫ উইকেট। ভারত ফাইনালে উঠলে অর্শদীপের হাতে থাকবে ২ ম্যাচ, দক্ষিণ আফ্রিকা চলতি টি২০ বিশ্বকাপে আর একটি ম্যাচই খেলবে।
এখনও অবধি চলতি টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রহমানুল্লাহ গুরবাজ। ৮ ম্যাচে ২৮১ রান করেছেন। আজ তিনি আউটন হন শূন্য রানে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও তিনি শূন্য রানেই ফিরেছিলেন। ৮ ম্যাচে ২৩১ রান ইব্রাহিম জাদরানের, তিনি তালিকার তিনে রয়েছেন। দুইয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (৭ ম্যাচে ২৫৫)। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বিদায় নিয়েছে।
কুইন্টন ডি কক আর ১টি ম্যাচই খেলবেন। তিনি চলতি টি২০ বিশ্বকাপে ৮ ম্যাচে ২০৪ রান করে আছেন ছয়ে। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ৭ ম্যাচে ২৮ ও আমেরিকার আন্দ্রিস গৌস ৬ ম্যাচে ২১৯ করে আছেন প্রথম পাঁচে। তবে পুরান ও গৌসকে টপকানোর সুযোগ পাবেন রোহিত শর্মা, জস বাটলাররা।
আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে কোনও একটি দল বিদায় নেবে। ভারত অধিনায়ক রোহিত ৬ ম্যাচে ৬ ইনিংসে এবং ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৭ ম্যাচে ৬ ইনিংসে ১৯১ রান করেছেন। যাঁরাই ফাইনালে উঠবেন তাঁর কাছে থাকবে গুরবাজকে টপকানোর সুযোগ। ইংল্যান্ডের ফিল সল্ট করেছেন ৭ ম্যাচে ১৮৩। ফলে ডি কক, রোহিত ও বাটলারের কাছেই সুযোগ থাকবে চলতি টি২০ বিশ্বকাপে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি আফগান ওপেনারের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার।












Click it and Unblock the Notifications