T20 World Cup 2024: অমিত শাহ ফোন করলেন দ্রাবিড় ও রোহিতকে, পুত্র জয়ের ভবিষ্যদ্বাণীও হুবহু মিলল
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে ফোনেই অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই বার্বাডোজে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ-র পুত্র জয় বিসিসিআই সচিব। বিসিসিআই সভাপতি রজার বিনি-সহ অন্যান্য বোর্ডকর্তাদের নিয়ে তিনিও সাক্ষী থেকেছেন ঐতিহাসিক মুহূর্তের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ রানে জিতে বিশ্বকাপের দখল নিতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে বার্তা দেন মোদী। পরে কথা বলেন, বিশ্বজয়ী দলের সকলের সঙ্গে। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত হারার পর ড্রেসিংরুমে গিয়েও সকলকে সান্ত্বনা দিয়েছিলেন মোদী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের বিশ্বজয়ে উচ্ছ্বসিত। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে অভিনন্দন। আমাদের দেশের জন্য গৌরবজনক মুহূর্ত। আমাদের ক্রিকেটাররা গোটা টি২০ বিশ্বকাপেই অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন।
শাহের কথায়, অতুলনীয় টিম স্পিরিট ও খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দিয়েছে ভারতীয় দল। এই ঐতিহাসিক সাফল্যের জন্য গোটা দেশ আজ গর্ব অনুভব করছে। ওয়েল ডান। তবে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই ক্ষান্ত থাকেননি শাহ। ফোনে কথা বলেছেন হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে। অভিনন্দনও জানিয়েছেন গোটা দলকে।
ভারতের বিশ্বজয় নিশ্চিত হতেই মাঠে নেমে দুই হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জয় শাহ বুঝিয়ে দিয়েছিলেন তিনি কতটা তৃপ্ত। দলের সকলের সঙ্গে আলিঙ্গন করেন। হার্দিক পাণ্ডিয়াকে তো কোলেই তুলে নেন। রোহিতের হাতে বিশ্বকাপ ওঠার মুহূর্তেও মঞ্চেই ছিলেন জয়।
উল্লেখ্য, জয় শাহ গত ফেব্রুয়ারিতেই ঘোষণা করে দিয়েছিলেন রোহিত শর্মা ভারতকে টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। রোহিতদের টি২০ বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জয় শাহের কাপ জয়ের ভবিষ্যদ্বাণী। গত ফেব্রুয়ারিতে রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের নাম নিরঞ্জন শাহের নামে করার অনুষ্ঠানে জয় বলেছিলেন, সকলেই বিশ্বকাপ নিয়ে আমার বিবৃতির অপেক্ষায় রয়েছেন। ২০২৩ সালে ১০টি ম্যাচ টানা জিতেও ভারত বিশ্বকাপ জিততে পারেনি। তবে সকলের হৃদয় জিতে নিয়েছে আমাদের দল। আমি ২০২৪-এ দাঁড়িয়ে কথা দিচ্ছি রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত বার্বাডোজে টি২০ বিশ্বকাপ জিতবে।












Click it and Unblock the Notifications