রাহুল ও রিঙ্কু কেন নেই টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে? সাফাই আগরকরের, আত্মবিশ্বাসী রোহিত
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচনের পর আজ মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন রোহিত শর্মা ও অজিত আগরকর। তাও নির্ধারিত সময়ের চেয়ে ৮০ মিনিট দেরিতে।
দল নির্বাচনের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে রিঙ্কু সিংয়ের বাদ পড়া। এ প্রসঙ্গে উত্তর দিতে এগিয়ে এলেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

ভারতের হয়ে ১৫টি টি২০ আন্তর্জাতিকের ১১ ইনিংসে রিঙ্কু ৩৫৬ রান করেছেন, গড় ৮৯, স্ট্রাইক রেট ১৭৬.২৩। আগরকর হলেন, দল থেকে বাদ পড়ার ক্ষেত্রে রিঙ্কুর কোনও দোষ নেই। তিনি বা শুভমান গিল- কোনও ভুলও করেননি। সবটাই হয়েছে দলের কম্বিনেশনের কথা ভেবে।
আগরকরের সাফাই, ভারতীয় দলে রিস্টস্পিনার পর্যাপ্ত সংখ্যায় রাখাই আমাদের লক্ষ্য ছিল। সেজন্য যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব রয়েছেন। অক্ষর প্যাটেল অলরাউন্ডার। দুজন উইকেটকিপার রয়েছেন। আমরা জানি না মার্কিন যুক্তরাষ্ট্রে কন্ডিশন কেমন থাকবে। ফলে নানা বিকল্প তৈরি রাখতে গিয়েই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাও রিঙ্কু রিজার্ভ হিসেবে থাকবেন। আসলে ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না।
লোকেশ রাহুলের বাদ পড়া নিয়ে আগরকর বলেন, রাহুল আইপিএলে ওপেন করেন। আমরা মিডল অর্ডারের বিকল্প খুঁজছিলাম। ফলে আমাদের মনে হয়েছে সেজন্য স্যামসন ও পন্থ বেশি কার্যকরী হবেন। ব্যাটিং লাইন আপের যে কোনও জায়গায় খেলতে পারেন স্যামসন। ফলে আমাদের চাহিদামতো কে কোথায় বেশি উপযুক্ত, তা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর সবচেয়ে বেশি ভারতকে টি২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু রোহিত এবারও টি২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক। হার্দিক ডেপুটি। হার্দিক কয়েকটি সিরিজে নেতৃত্ব দিলেও আগরকর ইঙ্গিত দেন, বিশ্বকাপে রোহিতের ফর্ম, তাঁর মতো তারকা ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার পথ প্রশস্ত করে দেয়।
রোহিত বলেন, আমরা সামনে যখন যে বিশ্বকাপ থাকে সেই ফরম্যাটকে গুরুত্ব দিই। টেস্ট ক্রিকেট চলতেই থাকে। তার সঙ্গে ছিল ওডিআই বিশ্বকাপ। অজিত খুব বেশি সময় আসেননি। সম্ভবত তিনি জানেন না, গুরুত্ব অনুযায়ী আগের কমিটি কখন কাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বা বিশ্রাম দিয়েছে।
রোহিত বলেন, টপ অর্ডার চালিয়ে খেলতে পারে। দল চূড়ান্ত করার ক্ষেত্রে আমরা মাথায় রেখেছি মিডল অর্ডার হিটিংয়ের বিষয়। এমন প্লেয়ার জরুরি ছিল যাতে যে-ই বল করুন না কেন, চালিয়ে খেলা যায়। শিবম দুবে আইপিএলে যেমন খেলেছেন। তবে এখনও প্রথম একাদশ চূড়ান্ত নয়। অনুশীলন করে, প্রতিপক্ষের কম্বিনেশন অনুযায়ী সেরা ১১ খেলানো হবে।
দলের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী রোহিত। চার স্পিনার নেওয়া তাঁরই সিদ্ধান্ত বলে জানালেন। তিনি বলেন, সকালে খেলা রয়েছে। ফলে চার স্পিনার নেওয়া টেকনিক্যাল সিদ্ধান্ত। তিন সিমার, সেই সঙ্গে হার্দিক আছেন। অলরাউন্ডার জাদেজা ও অক্ষর ব্যাট করতে পারেন। আবার এমন হতেই পারে চাহাল ও কুলদীপ একসঙ্গে খেললেন। সব ধরনের সম্ভাবনার পথ খোলা।
শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়াদের দিয়ে প্রয়োজনে বল করানো হবে বলেও জানিয়েছেন রোহিত। জসপ্রীত বুমরাহর সঙ্গে কে বোলিং শুরু করবেন তা এখনও ভাবেননি। বিরাট কোহলির স্ট্রাইক রেটের বিষয়টি দল নির্বাচনের সঙ্গে আলোচনায় ওঠেনি বলে দাবি অজিতের। তিনি বলেন, আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের তফাত আছে। বিশ্বকাপের চাপ আলাদা। সেখানে অভিজ্ঞতা জরুরি হয়। আমাদের দলে ভারসাম্য ও শক্তি যথেষ্ট রয়েছে।












Click it and Unblock the Notifications