রোহিতের থেকে টি ২০ আন্তর্জাতিকে বিরাট রেকর্ড ছিনিয়ে নিলেন কোহলি, গড়লেন একাধিক নজির
টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে দুরন্ত ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। রান তাড়া করতে সব সময়ই পছন্দ করেন। টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের ধারেকাছে কেউ নেই। মেলবোর্নে মহারণে কেরিয়ারের সেরা ইনিংস খেলার ফাঁকে টি ২০ আন্তর্জাতিকে একাধিক নজির গড়লেন কিং কোহলি।

সর্বাধিক রান
টি ২০ আন্তর্জাতিকে ১১০টি ম্যাচে ১০২টি ইনিংসে বিরাট কোহলি ২৯ বার অপরাজিত থেকে ৩৭৯৪ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১২২। গড় ৫১.৯৭, স্ট্রাইক রেট ১৩৮.৪১। একটি শতরান ও ৩৪টি অর্ধশতরান। পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলার ফাঁকে তিনি টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান করার নিরিখে পিছনে ফেলে দিলেন রোহিত শর্মাকে। রোহিতের মোট রান ১৪৩ ম্যাচে ১৩৫ ইনিংসে ৩৭৪১। বিরাট টি ২০ বিশ্বকাপের সব সংস্করণ মিলিয়ে এখনও অবধি করেছেন ৯২৭ রান। টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তাঁর অবস্থান তৃতীয় স্থানে।

জুটিতে লুটি
বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া গতকাল পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ১১৩ রান। পুরুষদের টি ২০ আন্তর্জাতিকে পঞ্চম বা তার পরবর্তী যে কোনও জুটির নিরিখে এই রান রয়েছে পঞ্চম স্থানে। তবে টি ২০ আন্তর্জাতিকে বিরাট-হার্দিক জুটির কীর্তি রইল শীর্ষে। তাঁরা ভেঙে দিয়েছেন ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের অবিচ্ছেদ্য জুটিতে ওঠা ১০২ রানের রেকর্ডটি।

ডেথ ওভারে ঝড়
ডেথ ওভারে পাকিস্তানের বিরুদ্ধে গতকাল কোহলি ১৪ বলে ৩৯ রান করেন। এই ম্যাচে ডেথ ওভারে তাঁর স্ট্রাইক রেট ২৭৮.৫৭। ভারতীয় ইনিংসের দশম ওভারের শেষে কোহলি ২১ বলে ১২ রানে ব্যাট করছিলেন। ২৫ বল অবধি বাউন্ডারি পর্যন্ত মারেননি। কোহলিকে বলা হয়ে থাকে চেজমাস্টার। এই নিয়ে ১৮ বার তিনি ভারতকে রান তাড়া করে জিতিয়ে অপরাজিত রইলেন। রান তাড়া করে দলকে জিতিয়ে সবচেয়ে বেশিবার অপরাজিত থাকার শোয়েব মালিকের রেকর্ডে থাবা বসালেন বিরাট। রান তাড়া করে ভারত জিতেছে এমন ৩৬টি টি ২০ আন্তর্জাতিকে কোহলি ১৬২১ রান করেছেন। অর্ধশতরান করেছেন ১৬টি, তার মধ্যে ১১টি অপরাজিত থেকেছেন।

টি ২০ বিশ্বকাপে রান তাড়া করতে নেমে
টি ২০ বিশ্বকাপে রান তাড়া করে জেতানোর নিরিখে বিরাট কোহলির ব্যাটিং গড় ৫১৮। ৯টি ম্যাচে সাতটি অর্ধশতরান করেছেন, স্ট্রাইক রেট ১৩৯.৬২। মাত্র একবারই তিনি আউট হয়েছেন। টি ২০ বিশ্বকাপে সামগ্রিকভাবে রান তাড়া করার রেকর্ড ঘাঁটলে দেখা যাচ্ছে কোহলির ব্য়াটিং গড় ২৭০.৫০। দ্বিতীয় স্থানে কুমার সঙ্গকারার গড় সেখানে ৪০.২৮ (অন্তত ১০ ইনিংস খেলা ব্য়াটারদের মধ্যে)।

পাকিস্তানের বিরুদ্ধে
পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির ব্যাটিং গড় দাঁড়াল ৮১.৩৩। টি ২০ আন্তর্জাতিকে অন্তত ১০টি ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে যে কোনও দেশের যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে এটিই সেরা। পাকিস্তানের বিরুদ্ধে ১০টি ইনিংসে তিনি ৪৮৮ রান করেছেন, পাঁচটি অর্ধশতরান রয়েছে। চারবার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।

টপকালেন দ্রাবিড়কে
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করার নিরিখে পাকিস্তান ম্যাচেই রাহুল দ্রাবিড়কে টপকে গেলেন বিরাট কোহলি। আপাতত তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। ৫২৮টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর রান ২৪,২১২। গড় ৫৩.৮০। ৭১টি শতরান ও ১২৬টি অর্ধশতরান রয়েছে। সেরা স্কোর অপরাজিত ২৫৪। বিরাট রইলেন সচিন তেন্ডুলকর (৩৪,৩৫৭), কুমার সঙ্গকারা (২৮,০১৬), রিকি পন্টিং (২৭,৪৮৩), মাহেলা জয়বর্ধনে (২৫,৯৫৭) ও জ্যাক কালিস (২৫,৫৩৪)-এর পরেই। দ্রাবিড়ের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৪,২০৮ রান রয়েছে।












Click it and Unblock the Notifications