রোহিত-বিরাট-সূর্যর অর্ধশতরান, নেদারল্যান্ডসের সামনে ১৮০ রানের টার্গেট দিল ভারত
টি ২০ বিশ্বকাপের ম্যাচে সিডনিতে নেদারল্যান্ডসের দিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমার্ধে ভালোই বোলিং করছিলেন নেদারল্যান্ডসের বোলাররা। তবে দ্বিতীয়ার্ধে ঝোড়ো ব্যাটিং করে ভারত ২০ ওভারে তুলল ২ উইকেটে ১৭৯ রান। বিরাট কোহলি পাকিস্তান ম্যাচের পর এদিনও হাঁকালেন দুরন্ত হাফ সেঞ্চুরি।

রোহিতের অর্ধশতরান
রোহিত শর্মাও অর্ধশতরান করলেন। চারে নেমে ঝোড়ো ইনিংস উপহার দিলেন সূর্যকুমার যাদব। ভারতের প্রথম উইকেটি পড়েছিল ২.৪ ওভারে ১১ রানের মাথায়। ১২ বলে ৯ রান করে পল ভ্যান মিকেরেনের বলে লেগ বিফোর হন লোকেশ রাহুল। টি ২০ বিশ্বকাপে তাঁর ফর্ম অস্বস্তি বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলি যোগ করেন ৭৩ রান। ১২তম ওভারে রোহিত শর্মা আউট হন ৩৯ বলে ৫৩ রান করে। তাঁর উইকেটটি নেন ক্লাসেন। রোহিতকে অবশ্য ক্লাসেন আগেই ফেরাতে পারতেন। টিম প্রিঙ্গল সহজ ক্যাচ তালুবন্দি করতে পারলে রোহিত আউট হতেন ১৩ রানে। ভারতের দ্বিতীয় উইকেটটি পড়েছিল ৮৪ রানে।

বিরাটের পরপর হাফ সেঞ্চুরি
এরপর অবশ্য ভারত আর কোনও উইকেট হারায়নি। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের অবিচ্ছেদ্য জুটিতে ওঠে ৪৮ বলে ৯৫ রান। বিরাট চলতি টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় তথা টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের ৩৫তম শতরানটি পেলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ৩৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর কিং কোহলি অপরাজিত রইলেন ৪৪ বলে ৬২ রান করে। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার ও দুটি ছয়। টি ২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে ১ হাজার রান পূর্ণ করতে বিরাট আর ১১ রান দূরে দাঁড়িয়ে রইলেন।
|
সূর্যকুমারের ব্যাটে ঝড়
দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সূর্যকুমার যাদব। তিনি ভারতীয় ইনিংসের শেষ বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছয়। বিরাট কোহলির ব্যাটিংয়ে মুগ্ধতা প্রকাশ করে সূর্য জানালেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ব্য়াটিং তিনি উপভোগ করছেন। এর আগে বিরাটও জানিয়েছিলেন, সূর্যর সঙ্গে পার্টনারশিপ তিনি উপভোগ করছেন। সূর্য যখন চালিয়ে খেলেন তখন তিনি উইকেটের অপর প্রান্ত আগলে রেখে অন্যরকম ভূমিকা পালন করেন। এদিন রোহিত ফিরতেই ব্যাট হাতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন কোহলি। সূর্যও ঝোড়ো ইনিংস উপহার দিতে থাকেন।
|
শেষ ১০ ওভারে ১১২
পাওয়ারপ্লে-র ৬ ওভারে ভারত তুলেছিল ১ উইকেটে ৩১। ৮.৩ ওভারে এসেছিল ৫০ রান। ১০ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৬৭। শেষ ১০ ওভারে ১১২ রান তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিল মেন ইন ব্লু। ভারতের ১০০ রান আসে ১৩.২ ওভারে। ১৭.৫ ওভারে দেড়শো রান পূর্ণ হয়। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে ফ্রেড ক্লাসেন ৪ ওভারে ৩৩ রান দিয়ে ও পল ভ্যান মিকেরেন ৪ ওভারে ৩২ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। এদিন জিতলেই ভারতের সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।












Click it and Unblock the Notifications