টি ২০ আন্তর্জাতিকে পাক ম্যাচে সফলতম বিরাট, বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের ফলাফল একনজরে
টি ২০ বিশ্বকাপে কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপের আসরে মাত্র একবারই ভারতকে হারিয়েছিল পাকিস্তান। গত বছর টি ২০ বিশ্বকাপে। টি ২০ আন্তর্জাতিকেও পরিসংখ্যানের বিচারে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের দ্বৈরথের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।

টি ২০ বিশ্বকাপে ভারতের দাপট
টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে মোট ৬টি। তার মধ্যে ভারতের জয় পাঁচটিতে। গত বছরের টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ টাই হয়, বোল আউটে জয়লাভ করে মহেন্দ্র সিং ধোনির ভারত। এরপর জোহানেসবার্গে ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১২ সালের টি ২০ বিশ্বকাপে কলম্বোয় পাকিস্তানকে ভারত হারিয়েছিল ৮ উইকেটে। ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপে ভারত ঢাকায় পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে কলকাতায় পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত।

৫০ ওভারের বিশ্বকাপে
৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপে সিডনিতে ভারত ৪৩ রানে হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। ১৯৯৬ সালের বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারত ৩৯ রানে জয়লাভ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। ১৯৯৯ সালের বিশ্বকাপে ম্যানচেস্টারে পাকিস্তানকে ৪৭ রানে পরাস্ত করে ভারত। ২০০৩ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানকে ভারত হারিয়েছিল ৬ উইকেটে। ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানকে ২৭ রানে পরাস্ত করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। সেবার মেন ইন ব্লু চ্যাম্পিয়ন হয়, এরপর থেকে আর কোনও বিশ্বকাপ জেতেনি ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে ম্যানচেস্টারে ভারত ৮৯ রানে হারিয়েছিল পাকিস্তানকে।

টি ২০ আন্তর্জাতিকে
টি ২০ আন্তর্জাতিকে এখনও অবধি ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছে ১১ বার। ২০০৭ সালের বিশ্বকাপে প্রথম সাক্ষাতটি টাই হয়, ভারত জিতেছিল বোল আউটে। এরপর ১০টি টি ২০ আন্তর্জাতিকে ভারত জিতেছে ৭টিতে, পাকিস্তানের জয় তিনটিতে। ২০১২ সালে ভারত সফরে এসে বেঙ্গালুরুতে ভারতকে প্রথমবার টি ২০ আন্তর্জাতিকে হারিয়েছিল পাকিস্তান। যদিও তার আমেদাবাদে তার পরের ম্যাচ জিতে সিরিজ ১-১ করেছিল ভারত। গত বছর টি ২০ বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারিয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

বিরাটের দাপট
টি ২০ আন্তর্জাতিকে ভারত-পাকিস্তান দ্বৈরথে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ৯টি ম্যাচে তিনবার অপরাজিত থেকে ৪০৬ রান করেন কিং কোহলি, চারটি অর্ধশতরান রয়েছে। ব্যাটিং গড় ৬৭.৬৬, স্ট্রাইক রেট ১১৯.০৬। সর্বাধিক অপরাজিত ৭৮। পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে সফল ব্যাটার হলেন মহম্মদ রিজওয়ান। তিনি তিনটি ম্যাচে একবার অপরাজিত থেকে ১৯৩ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৭৯। ভারতের বিরুদ্ধে রিজওয়ানের ব্যাটিং গড় ৯৬.৫০, স্ট্রাইক রেট ১৩০.৪০। দুটি অর্ধশতরান রয়েছে। ভারত-পাকিস্তান টি ২০ আন্তর্জাতিক দ্বৈরথে সবচেয়ে বেশি উইকেট রয়েছে পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুলের। ৬ ম্যাচে ১১টি উইকেট, সেরা বোলিং ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট। ভুবনেশ্বর কুমার ৬ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে, সেরা বোলিং ২৬ রানে ৪ উইকেট। হার্দিক পাণ্ডিয়া ৫ ম্যাচে ৪ ইনিংসে বল করে ৮টি উইকেট দখল করেছেন, সেরা বোলিং ৮ রানের বিনিময়ে ৩ উইকেট।












Click it and Unblock the Notifications