টি ২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং ভারতের, দুই দলই অপরিবর্তিত
টি ২০ বিশ্বকাপের ম্যাচে সিডনিতে মুখোমুখি ভারত ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের আসরে ভারত ও নেদারল্যান্ডস আজ তৃতীয়বার মুখোমুখি হচ্ছে। টি ২০ বিশ্বকাপে এবারই প্রথম। ২০০৩ সালের বিশ্বকাপে পার্লে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ৬৮ রানে হারিয়েছিল ডাচদের। ২০১১ সালের বিশ্বকাপে দিল্লিতে ৮১ বল বাকি থাকতে ভারতের কাছে ৫ উইকেটে পরাস্ত হয়েছিল নেদারল্যান্ডস।

আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুই দলের একাদশই অপরিবর্তিত। যে উইকেটে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচ হয়েছে সেই পিচেই এই খেলাটি হচ্ছে। ফলে পিচটি এমসিজির তুলনায় মন্থর আচরণ করবে বলে মনে করছেন রোহিত। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ম্যাচ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেরিতে শেষ হয়েছে। সে কারণে ভারত-নেদারল্যান্ডস ম্যাচটিও নির্ধারিত সময়ের চেয়ে ১০ মিনিট দেরিতে শুরু হচ্ছে।
পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে আজ অবধি বিগ ব্যাশ লিগ ও আন্তর্জাতিক ম্যাচ যতগুলি খেলা হয়েছে তার ১৯টি ম্যাচে টস জিতে সংশ্লিষ্ট অধিনায়ক ফিল্ডিং নিয়েছেন। ১১টি ম্যাচে এখানে রান তাড়া করা দল জয়লাভ করেছে। ১১টিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। আজকের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাও টস জিতে ব্যাট করেছিল এবং বাংলাদেশকে ১০৪ রানে হারিয়ে দেয়। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, দলের মনোবল ভালো জায়গাতেই রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে জেতার পর দলের আত্নবিশ্বাস বেড়েছে। একইসঙ্গে আমাদের শান্ত থাকতে হবে। টুর্নামেন্টে সবে একটা ম্যাচই হয়েছে। আরও অনেক কিছু হবে। ফলাফল যাই হোক না কেন আমরা আমাদের খেলায় উন্নতি ঘটাতে চাই। সেই মানসিকতা নিয়ে এগোলে সুফল মিলবে বলে আত্মবিশ্বাসী রোহিত।
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের কথায়, আমরাও টস জিতলে ব্যাটিং করতাম। তবে বোলিংয়েও অসুবিধা হবে না। আমাদের বোলাররা সমস্ত টুর্নামেন্টেই ভালো পারফর্ম করে থাকেন। আশা করি, সেই ধারাবাহিকতা বজায় থাকবে। ব্যাটারদের থেকেও ভালো পারফরম্যান্স আশা করছেন ডাচ অধিনায়ক। তিনি মনে করেন, ব্যাটিং বিভাগে উন্নতির প্রয়োজন রয়েছে।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং
নেদারল্যান্ডস- ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শরিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকেরেন












Click it and Unblock the Notifications